সান্তিয়াগো, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত চিলির বিমানবাহিনীর একটি বিমানের ২১ জন আরোহীর সবাই মারা গেছেন বলে জানিয়েছে দেশটির সরকার।
প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেস আলামান্দ শনিবার জানান, দুর্ঘটনাটি এত মারাত্মক ছিল যে ঘটনাস্থলেই সব আরোহীর মৃত্যু হয় বলে ধরে নেওয়া যায়।
শুক্রবার দুর্গম জুয়ান ফার্নান্দেজ দ্বীপের অদূরে প্রশান্ত মহাসাগরে বিমানটি বিধ্বস্ত হয়। এর আগে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ার মধ্যে দুইবার ওই দ্বীপের বিমানবন্দরে অবতরণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন পাইলট।
অনুসন্ধান ও উদ্ধারকারী দল এ পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধার করেছে। আরো মৃতদেহের সন্ধানে উদ্ধারকারী ও স্থানীয় জেলেরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জুয়ান ফার্নান্দেজ দ্বীপের মেয়র গঞ্জালেজ জানান, শুক্রবার আবহাওয়া খুবই খারাপ ছিল, সঙ্গে দমকা বাতাস বইছিল। যাত্রীদের কিছু মালামাল পানিতে ভেসে থাকতে দেখা গেছে।
এ ঘটনাকে দেশের জন্য বিশাল এক আঘাত বলে উল্লেখ করেছেন চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা।
দেশটির জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ফিলিপ ক্যামিরোয়াগাও ওই বিমানে ছিলেন। তার কর্মস্থল টিভিএন চ্যানেল জানায়, ক্যামিরোয়াগাসহ তাদের প্রতিষ্ঠানের ৫ কর্মী ওই বিমানে ছিলেন।
সান্তিয়াগোতে টিভিএন'র প্রধান কার্যালয়ের গেটে ক্যামিরোয়াগার ভক্তরা মোমবাতি জ্বালিয়ে তার জন্য প্রার্থনা করেন।
গত বছর ভূমিকম্প ও সুনামিদুর্গত জুয়ান ফার্নান্দেজ দ্বীপের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরির জন্যই ৪৪ বছর বয়সী ক্যামিরোয়াগাসহ টিভিএনের কর্মীরা সেখানে যাচ্ছিলেন।
চিলি উপকূল থেকে জুয়ান ফার্নান্দেজ দ্বীপের দূরত্ব প্রায় ৪২০ মাইল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এবি/১২৩৬ ঘ.
bdnews24