ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের পরদিন পিকনিক করতে গিয়ে আফগান সীমান্তে অপহৃত হয়েছে ৩০ পাকিস্তানি শিশু।
জঙ্গিরা তাদের অপহরণ করেছে বলে শুক্রবার জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
স্থানীয় কর্মকর্তা সাঈদ নাসিমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ১০ থেকে ১৫ বছর বয়সী ওই বালকেরা পাকিস্তানের বাজাউর অঞ্চলে পিকনিক করতে গিয়ে ভুল করে আফগান সীমান্ত পেরিয়ে যায়। সেখানেই জঙ্গিরা তাদের অপহরণ করে।
অবশ্য আফগানিস্তানের সীমান্ত পুলিশের কমান্ডার জেনারেল আমিনুল্লাহ অমরখেল বলেছেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। স্থানীয় তালেবান কমান্ডারও অপহরণের বিষয়টি অস্বীকার করেছেন।
পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের ২ হাজার ৪শ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এখনো চিহ্নিত করা হয়নি। সীমান্তের দু'পাশেই তালেবান ও আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিরা তৎপর বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
স্থানীয় দুইজন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, অপহরণকারীরা তালেবান কমান্ডার মৌলভী ফকির মুহাম্মদের দলের সদস্য হয়ে থাকতে পারে।
ফকির মুহাম্মদ বাজাউরে জঙ্গি তৎপরতার হোতা ছিলেন। ২০১০ সালে তিনি আফগানিস্তানে পালিয়ে যান বলে ধারণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৪ ঘ.
bdnews24