মেক্সিকো সিটি, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকো সিটির একটি পার্কে বৃহস্পতিবার দুই নারী সাংবাদিকের মৃতদেহ পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মেক্সিকোর রাজধানীতে অবস্থিত অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়, নিহত দুইজন পরস্পরের বন্ধু। তবে কেন তাদের হত্যা করা হয়েছে এ বিষয়টি এখনো পরিষ্কার নয়।
মেক্সিকোয় গত পাঁচ বছরে মাদক সংশ্লিষ্ট সহিংসতায় ডজনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একজন মুখপাত্র বলেন, "এখনো তদন্ত চলছে।"
নিহত দু'জনের বয়সই ৪৮। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, বলেন তিনি।
নিহতদের একজন আনা ইয়ার্চ 'কন্ট্রালিনেয়া' নামে একটি অনুসন্ধানী ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা। অপরজন রোসিও গঞ্জালেজ টেলিভিসার সাবেক ব্রডকাস্টার।
মেক্সিকোর দৈনিক সংবাদপত্র রিফর্মা জানিয়েছে, গঞ্জালেজ নিহত হওয়ার কিছুক্ষণ আগেই বড় অংকের টাকা তুলেছেন। দুই নারী সাংবাদিকই সহিংস ডাকাতির শিকার হয়ে থাকতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৫১ ঘ.
bdnews24