২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া যুদ্ধ: গাদ্দাফির ছেলেদের পরস্পরবিরোধী প্রস্তাব

লিবিয়া যুদ্ধের অবসান নিয়ে গণমাধ্যমে দুই বিপরীত প্রস্তাব দিয়েছেন পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির দুই ছেলে। একজন শান্তির পক্ষে। অন্যজন চান লিবিয়ার দখল নিয়ে চূড়ান্ত যুদ্ধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2011, 06:50 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

ত্রিপোলি/তাওয়ারগা, লিবিয়া, ১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রযটার্স)- লিবিয়া যুদ্ধের অবসান নিয়ে গণমাধ্যমে দুই বিপরীত প্রস্তাব দিয়েছেন পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির দুই ছেলে। একজন শান্তির পক্ষে। অন্যজন চান লিবিয়ার দখল নিয়ে চূড়ান্ত যুদ্ধ। আল-আরাবিয়া টেলিভিশনে গাদ্দাফির ছেলে সাদি বলেছেন, "রক্তপাত বন্ধ করা নিয়ে আমরা আলোচনার ব্যাপারে কথা বলছি।" লিবিয়ার বিদ্রোহী পরিষদ ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিলের (এনটিসি) সঙ্গে আলোচনার জন্য বাবার অনুমতি পেয়েছেন বলে জানান সাদি। ওদিকে, ত্রিপোলির সামরিক পরিষদের প্রধান আব্দুল হাকিম বেলহাজও জানিয়েছেন, সাদির সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে এবং তিনি (সাদি) আত্মসমর্পণ করলে তার সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। বেলহাজ বলেন, "আমরা রক্তপাত এড়াতে চাই। আর সেকারণেই আলোচনা এবং আত্মসমর্পণের পথ বেছে নিচ্ছি। তা না হলে সামরিক অভিযান চালানো ছাড়া আর কোনো উপায় থাকবে না।" সাদির প্রস্তাবের বিপরীত প্রস্তাব দিয়েছেন গাদ্দাফির অপর ছেলে সাঈফ আল ইসলাম। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি। ত্রিপোলির উপকন্ঠ থেকে এক অডিও বার্তায় সাঈফ লড়াইয়ে গাদ্দাফি বাহিনীর জয়ের প্রতিশ্র"তি দিয়ে বলেছেন, "প্রতিরোধ লড়াই চলছে। জয়ী হতে আর বেশি দেরী নেই।" তিনি বলেন, লিবিয়াকে বিশ্বাসঘাতক ও অপরাধী চক্র মুক্ত করতে আমাদেরকে দিন-রাত লড়ে যেতে হবে। জনগণকে আশ্বস্ত করে বলছি, আমরা এখনো সক্রিয় এবং আমাদেও কমান্ডার ভালো অবস্থাতেই আছেন। সিরিয়ার-মালিকানাধীন অ্যাররাই স্যাটেলাইট টিভি চ্যানেলে সাঈফের এ বক্তব্য প্রচার করেছে। গাদ্দাফির হাত যে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে দুই ছেলের এ পরষ্পরবিরোধী প্রস্তাব তারই সর্বশেষ প্রমাণ। রাজধানী দখল করে গাদ্দাফিকে পালাতে বাধ্য করার পর বিদ্রোহীরা এখন তার জন্মশহর সির্ত দখলের চেষ্টা চালালেও আপাতত তারা এ অভিযানে বিরতি দিয়েছে। শনিবারের মধ্যে সির্তের গাদ্দাফি অনুগতদের আত্মসমর্পণের সময়সীমা বেঁধে দিয়েছে বিদ্রোহীরা। এর ব্যাত্যয় ঘটলে সির্তে সামরিক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার হুমকি দিয়েছে তারা। ওদিকে, প্যারিসে লিবিয়ার ভবিষ্যৎ নিয়ে শুরু হচ্ছে সম্মেলন। এতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিটন ছাড়াও অংশ নেবেন চীন, রাশিয়ার নেতারাসহ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। লিবিয়ায় গণতান্ত্রিক উত্তোরণ, পুনর্গঠন এবং পুলিশ প্রশিক্ষণ বাড়ানোর মতো বিষয়গুলো নিয়ে পরিকল্পনা করা হবে এ সম্মেলনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১২৪৪ঘ.