লিবিয়া, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফি অনুগত বাহিনীকে শনিবারের মধ্যে আত্মসমর্পণের সময়সীমা বেঁধে দিয়েছে লিবিয়ার বিদ্রোহী নেতারা।
এই ৪ দিনের মধ্যে আত্মসমর্পণ না করলে তাদের ওপর সামরিক অভিযান চলবে বলে জানিয়েছে বিদ্রোহী পরিষদ।
লিবিয়ার ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল (এনটিসি) প্রধান মুস্তফা আব্দুল জলিল মঙ্গলবার বেনগাজিতে এক সংবাদ সম্মেলনে বলেন, "শনিবারের মধ্যে গাদ্দাফি অনুগত বাহিনী আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পথে আসার কোনো ইঙ্গিত না দিলে আমরা সামরিক ব্যবস্থা নেব।"
তিনি বলেন, "আমরা সামরিক শক্তি প্রয়োগ করতে চাই না। কিন্তু আমরা আর অপেক্ষা করে বসে থাকতে পারছি না।"
লিবিয়া যুদ্ধে বিদ্রোহীদের লক্ষ্য এখন গাদ্দাফির জন্মশহর সির্ত। বিদ্রোহী যোদ্ধারা ইতোমধ্যেই পূর্ব ও পশ্চিম দিক থেকে সির্ত এ জাড়ো হতে শুরু করেছে।
প্রথমদিকে গাদ্দাফি অনুগত বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে বিদ্রোহীরা নাজেহাল হলেও সোমবার বেনগাজি থেকে অগ্রসর হওয়া বিদ্রোহী যোদ্ধারা সির্ত এ যাওয়ার পথে ছোট্ট শহর নাওফালিয়া দখল করেছে।
সির্তসহ গাদ্দাফি বাহিনীর আরো দুটো ঘাঁটি বানি ওয়ালেদ এবং সাবহায় আদিবাসী নেতাদের সঙ্গে বিদ্রোহীরা আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিবিসি'র সাংবাদিক জন লিন।
কিন্তু আদিবাসী নেতাদের সঙ্গে বিদ্রোহীদের আলোচনার পরিবেশ তৈরি হলেও গাদ্দাফি অনুগতদের কাছ থেকে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
সির্ত এ সামরিক হামলা শুরু হলে তা সহসাই শেষ হবে না। তাছাড়া, লড়াইও অত্যন্ত রক্তক্ষয়ী হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৬ঘ.
bdnews24