২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফির শহর সির্তের দ্বারপ্রান্তে বিদ্রোহীরা

লিবিয়ার বিদ্রোহী বাহিনী রোববার নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর সির্ত এর কাছাকাছি পৌঁছে গেছে। আলোচনা ব্যর্থ হলে বলপ্রয়োগ করে শহরটি দখল করার সংকল্প নিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 03:55 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ত্রিপোলি, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ লিবিয়ার বিদ্রোহী বাহিনী রোববার নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর সির্ত এর কাছাকাছি পৌঁছে গেছে। আলোচনা ব্যর্থ হলে বলপ্রয়োগ করে শহরটি দখল করার সংকল্প নিয়েছে তারা। বিদ্রোহী বাহিনীর কর্ণেল সালেম মুফাত জানান, যোদ্ধারা পূর্বদিক থেকে সির্ত এর ১শ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে এবং মিসরাতা থেকে পশ্চিমে অগ্রসর হচ্ছে। বিদ্রোহীদের অগ্রযাত্রার মুখে গাদ্দাফির পক্ষ থেকে ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনার প্রস্তাব আসার পর বিদ্রোহী নেতারা এ সম্ভাবনা নাকচ করেছেন। গাদ্দাফির বিচার দাবি করে তারা বলেছেন, বিদ্রোহীরা তার সঙ্গে কোনো আলোচনায় যাবে না। বিদ্রোহী পরিষদ এনটিসি'র তথ্যমন্ত্রী মাহমুদ শামাম এক সাংবাদিক সম্মেলনে বলেন, "আমরা যখন দুর্বল ছিলাম তখন আলোচনা করিনি। আর এখন আমরা আলোচনায় যাবো না। কারণ, আমরা গোটা লিবিয়াকে মুক্ত করার অভিযানে নিয়োজিত।" এ মুহূর্তে বিদ্রোহীদের লক্ষ্য সির্তের দিকে আরো অগ্রসর হওয়া। তবে শহরটি মুক্ত করতে ১০ দিনেরও বেশি সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন এক বিদ্রোহী কমান্ডার। গাদ্দাফি বাহিনীর অন্যতম সর্বশেষ ঘাঁটি সির্ত। এ শহরে যাওয়ার পথে গত কয়েকদিনে বিন জাওয়াদসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছে বিদ্রোহীরা। ঘটনাস্থল থেকে রোববার আল জাজিরার সাংবাদিক জ্যাকি রোনাল্ড জানান, বিন জাওয়াদ এখন বিদ্রোহীদের দখলে। তবে শহরটি এখনো নিরাপদ নয় বলে বিদ্রোহীরা সতর্ক করেছে। মূল লড়াইটা এখন চলছে বিন জাওয়াদ থেকে ৩৫ কিলোমিটার দূরে নাওফালিয়া শহরে। বিদ্রোহীদের সামরিক মুখপাত্র আহমেদ বানি জানিয়েছেন, বিদ্রোহীরা এখন ত্রিপোলি এবং দক্ষিণাঞ্চলীয় মরু শহর সাবহার মাঝামাঝি রাস্তায় অবস্থান করছে। সির্ত শহর দখল করে সাবহার দিকে এগুনোর পরিকল্পনা রয়েছে বিদ্রোহীদের। "আমরা শক্তিপ্রয়োগ করে সির্ত দখল করবো", বলেন বানি। তিনি বলেন, "সির্ত আলাদা কিছু নয়। একে মুক্ত করতে হবে। আমরা লিবিয়ার সব অংশই শত্র"মুক্ত করবো।" ওদিকে, ত্রিপোলির রাস্তাঘাট শান্ত হয়ে এসেছে। স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। কাজকর্মে ফিরছে লোকজন। মাহমুদ আল মাজবারি নামের এক পুলিশ বলেন, "শুক্রবার থেকে আমি কাজে আসছি। জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে।" কিন্তু গাদ্দাফি এখনও ধরা ছোঁয়ার বাইরে। তার মুখপাত্র মুসা ইব্রাহিম এর আগে এপি বার্তা সংস্থাকে জানান, গাদ্দাফি এখনও লিবিয়ায় আছেন এবং অন্তর্বতী জাতীয় পরিষদের সঙ্গে জাতীয় সরকার গঠন বিষয়ে আলোচনা করতে চান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১৫২ঘ.