লন্ডন, ২৮ অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মহাশূন্যে এক নতুন গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। যাকে বলা হচ্ছে হীরক গ্রহ। অত্যন্ত জ্বলজ্বলে এই গ্রহ দেখতে এক খণ্ড হীরার টুকরোর মতো। যেনো হীরা দিয়েই তৈরি এর ভূ-ভাগ।
জনপ্রিয় আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী 'সায়েন্স' বৃহস্পতিবার এ খবর দেওয়ার পরই হইচই পড়ে যায় বিশ্বজুড়ে। ফোনের পর ফোন পেয়ে নাজেহাল অস্ট্রেলিয়ার কমনওয়েলথ 'সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন' এর বিজ্ঞানীরা। শেষতক শুক্রবার বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করছেন তারা।
প্রতিষ্ঠানের প্রধান বিজ্ঞানী ড. মাইকেল কিথ জানিয়েছেন, আমাদের ছায়াপথেই এমন একটি গ্রহের সন্ধান মিলেছে।
গ্রহটির পাথরের মূল উপাদান হচ্ছে কার্বন। আর হীরারও মূল উপাদান কার্বন। অর্থাৎ গ্রহের পাথর আর হীরার উপাদান একই। ঘন কার্বনেই তৈরি হয় হীরা। এই গ্রহে কার্বনের ঘনত্ব অত্যন্ত বেশি হওয়ার এর ভূ-ভাগ হীরায় পরিণত হয়েছে বলেই মনে করা হচ্ছে।
কার্বন ছাড়াও গ্রহটিতে রয়েছে অক্সিজেন। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির চেয়ে এটি ২০ গুণ বেশি ঘন। অতি ঘনত্বের কারণে এর ওজনও বৃহস্পতির চেয়ে কিছুটা বেশি। তবে বৃহস্পতি গ্রহের মতো হাইড্রোজেন কিংবা হিলিয়াম নতুন এ গ্রহে পাননি বিজ্ঞানীরা।
এ গ্রহ কোনো এক বিশাল নক্ষত্রের অবশিষ্টাংশ বলেই মনে করছেন তারা। যে তারা বা নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহটি আবর্তন করছে সেটিও উজ্জ্বল। যাকে বলা হয় পালজার স্টার।
অস্ট্রেলিয়ায় টেলিস্কোপ দিয়ে মহাশূণ্যে এরকমই একটি নক্ষত্রের ওপর নজর রাখতে গিয়ে বিজ্ঞানীদের চোখে পড়ে নতুন গ্রহটি। প্রতি দু ঘণ্টা ১০ মিনিটে এ গ্রহটি তার নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করে।
কিন্তু এই হীরক গ্রহে পৌঁছানো আপাতত অসম্ভব বলেই মনে করা হচ্ছে। কারণ পৃথিবী থেকে ৪ হাজার আলোকবর্ষ দূরে এর অবস্থান। আর তাই এ গ্রহ আরো বহুকাল রহস্য হয়েই থেকে যাবে বিজ্ঞানীদের কাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএস/এলকিউ/১৭১৭ঘ.
bdnews24