নিউ ইয়র্ক, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঘূর্ণিঝড় আইরিনের আঘাতে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলীয় পাঁচ অঙ্গরাজ্য ১৩ জন নিহত হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে ৩০ লাখের বেশি মানুষ।
প্রচণ্ড ঝড়ো বাতাস ও প্রবল বৃষ্টিতে অনেকাংশে অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত নিউ ইয়র্কের জনজীবন। লোয়ার ম্যানহাটনের অনেক রাস্তায় এক ফুটের বেশি পানি জমেছে। নিউ ইয়র্কের গণপরিবহন বন্ধ হয়ে গেছে, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ নেই। নিউ ইয়র্কের পূর্বাঞ্চলকে ছুঁয়ে যাওয়া হাডসন নদীতে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ শহরের ইস্ট নদীতে পানি বেড়েছে।
তবে নিউ ইয়র্কে ক্ষয়ক্ষতির পরিমাণ আশঙ্কার তুলনায় কম হয়েছে বলে স্থানীয়রা ও কর্মকর্তারা জানিয়েছেন।
নিউ ইয়র্কের কুইনসের রকঅ্যাওয়ে এলাকার অধিবাসী জন হ্যারিস (৩৭) রয়টার্সকে বলেন, "রাস্তাগুলো ডুবে গেছে, কিন্তু আমি যা আশঙ্কা করেছিলাম ততোটা খারাপ হয়নি।"
কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে ঝড়ের সময় নিজের ঘরেই ছিলেন বলে জানান হ্যারিস।
শনিবার রাতের ক্যাটাগরি এক-এ থাকা আইরিন রোববার তুলনামূলক দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে।
তবে দেশটির জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্রের পরিচালক বিল রিড বলেছেন, প্রবল বৃষ্টিপাত হওয়ায় বন্যার আশঙ্কা রয়েছে।
নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি রোববার সকালে নগরবাসীকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, সব জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এ অঙ্গরাজ্যের প্রায় সব অংশে নতুন করে বন্যা হয়েছে।
মিলবার্ন, নিউ জার্সির রাস্তায় পানি জমেছে। রাওয়ে নদীতে পানি বেড়েছে। ঝড়ে ফিলাডেলফিয়ায় দুটি ভবন ধসেছে। শনিবার সন্ধ্যায় মেরিল্যান্ডের কালভার্ট ক্লিফসের একটি পরমাণু চুল্লি ঝড়ো বাতাসের কারণে নিজ থেকেই বন্ধ হয়ে গেছে। তবে এতে কোনো বিপর্যয় ঘটেনি।
কনস্টেল্যাশন এনার্জি নিউক্লিয়ার গ্র"পের মুখপাত্র মার্ক সুলিভান সিএনএনকে বলেন, "এ পরমাণু স্থাপনা নিরাপদ আছে। এতে আমাদের কর্মী বা আশপাশের অধিবাসীদের কোনো ক্ষতি হয়নি। আর কোনো বিপদের আশঙ্কাও নেই।"
কর্মকর্তারা জানিয়েছেন, আইরিনের আঘাতে কানেকটিকাট, মেরিল্যান্ড ও ফ্লোরিডায় একজন করে, নর্থ ক্যারোলাইনায় ছয়জন এবং ভার্জিনিয়ায় চারজন নিহত হয়েছে।
ঝড়ে ফ্লোরিডার নিউ স্মিরনা সমুদ্র সৈকতে ৫৫ বছর বয়সী সার্ফার এবং মেরিল্যান্ডের কুইনসটাউনে ঘরের চালের উপর একটি গাছ পড়ে এক নারী মারা যায়।
৭৮০ কিলোমিটার ব্যাপ্তির এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল কেপ লুকআউটের কাছ দিয়ে নর্থ ক্যারোলাইনা উপকূল অতিক্রম করে স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৭টার (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা) দিকে।
স্থানীয় সময় রাত ২টার দিকে নিউ ইয়র্কে শুরু হয় ঝড়ের তাণ্ডব। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগের ঝড়ো বাতাস আর প্রবল বৃষ্টিতে নিউ ইয়র্কের ওপর দিয়ে বয়ে যায় আইরিন। এর আগেই নগর কর্তৃপক্ষ বাস সার্ভিস, সাবওয়ে ও বিমানবন্দর বন্ধ করে দেয়। নিউ ইয়র্কের নিচু এলাকা থেকে সরে যেতে বলা হয় সাড়ে তিন লাখেরও বেশি মানুষকে। ব্র"কলিন, কুইনস ও ম্যানহ্যাটনের অনেক অধিবাসীকেও সরে যেতে হয়।
আইরিন 'বড় ও বিপজ্জনক' ঝড় হতে পারে বলে আগেই সতর্ক করে দেওয়ার পর নিউ ইয়র্ক, নরফোক ও ভার্জিনিয়াসহ বড় শহরগুলোর ২০ লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।
আইরিনের আঘাতে প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে সতর্ক করেন নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ।
এর আগে অবকাশ সংক্ষিপ্ত করে শনিবার ওয়াশিংটনে ফিরে জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, ঘূর্ণিঝড় আইরিনের ক্ষয়ক্ষতির পরিমাণ নজিরবিহীন হতে পারে।
আইরিন আঘাত হানার আগেই রাজধানী ওয়াশিংটনসহ পূর্ব উপকূলের সাতটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, স্থলভাগে চলে আসায় আইরিনের ভয়াবহতার মাত্রা দ্বিতীয় ক্যাটাগরি থেকে প্রথম ক্যাটাগরিতে নেমে এসেছে। তারপরও ঝড়ের কেন্দ্রে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের প্রায় সব বড় শহরগুলোই আইরিনের আওতার মধ্যে রয়েছে।
বর্তমানে পূর্ব উপকূল ধরে ধীরে ধীরে উত্তর দিকে সরে যাচ্ছে এ ঘূর্ণিঝড়।
এ বছর একের পর একে প্রাকৃতিক দুর্যোগের মোকাবিল করতে হচ্ছে যুক্তরাষ্ট্রের মানুষকে। বন্যা, টর্নেডো আর তাপদাহে ক্ষয়ক্ষতির পরিমাণ এরই মধ্যে ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। আইরিনের আঘাতে এর পরিমাণ আরো কয়েকশ কোটি ডলার বাড়বে বলেই ধারণা করছে কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২৩৩০ ঘ.
bdnews24