নয়া দিল্লি, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ ভারতে দুর্নীতি বিরোধী আইনে (লোকপাল বিল) আনা হাজারের তিনটি দাবি যুক্ত করার প্রস্তাব পার্লামেন্টে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।
দাবি পূরণের ফলে রোববার সকাল ১০টায় অনশন ভাঙার ঘোষণা দিয়েছেন হাজারে। লোকপাল বিলে সরকারি কর্মকর্তাদের বিচারের আওতায় আনাসহ তিনটি ধারা অন্তর্ভুক্ত করার দাবিতে টানা ১২ দিন ধরে নয়া দিল্লির রামলীলা ময়দানে অনশন করছেন তিনি। অনশনে সাড়ে সাত কেজি ওজন কমেছে তার।
শনিবার পার্লামেন্টে লোকপাল বিলে আনা হাজারের তিনটি দাবি অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা শুরু করেন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। এক পর্যায়ে হাজারের দাবিগুলো ওই বিলে অন্তর্ভুক্ত হবে কি না সে সংক্রান্ত একটি প্রস্তাবের ওপর কণ্ঠ ভোটে যেতে সরকার ও বিরোধী দল বিজেপির নেতারা রাজি হন।
তবে ভোটাভুটি এড়িয়ে পার্লামেন্টের উভয় কক্ষ লোকসভা ও রাজ্যসভা সর্বসম্মতভাবে ওই প্রস্তাব গ্রহণ করে।
পার্লামেন্টে ওই প্রস্তাব মেনে নেওয়ার পর প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, "পার্লামেন্ট কথা বলেছে। জনগণের চাওয়াই পার্লামেন্টের চাওয়া।"
হাজারের দাবিগুলোর মধ্যে রয়েছে, কেন্দ্রে একটি স্বাধীন লোকপাল ইনস্টিটিউশন গড়ে তোলার পাশাপাশি প্রতিটি রাজ্যে একই ধরনের স্বাধীন প্রতিষ্ঠান 'লোকাউক্ত' গড়ে তোলা।
দ্বিতীয়ত, কেন্দ্রের লোকপালে বিচারকরা ছাড়া সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে এবং লোকাউক্ততে রাজ্য সরকারের সব কর্মকর্তা-কর্মচারীকে বিচারের আওতায় আনার বিধি রাখতে হবে।
তৃতীয়ত, সরকারি সব বিভাগে সিটিজেন চার্টার রাখা বাধ্যতামূলক করা, যেখানে সরকারি কোনো দপ্তরে কোনো নাগরিকের কোনো কাজের জন্য কত সময় লেগেছে এবং কোন কর্মকর্তা কাজটি করেছেন তার উল্লেখ থাকবে। সিটিজেন চার্টারের লঙ্ঘন হলে শাস্তির বিধান রাখারও প্রস্তাব করা হয়েছে এতে।
লোকসভা নেতা প্রণব মুখার্জি লোকপাল বিলের বিষয়ে আগেই কঠোপদক্ষেপ গ্রহণ না করা প্রসঙ্গে দায় স্বীকার করে বলেন, "আমি আমাদের ভুল স্বীকার করছি।"
তিনি বলেন, "একটি আইন তা কঠোর ও শক্তিশালী হলেও পুরোপুরি দুর্নীতি রোধ করতে পারে না।"
'জনতাতন্ত্র' ও গণতন্ত্রের মধ্যে তফাৎ আছে বলেও সতর্ক করেন তিনি।
আগের দিন পার্লামেন্ট প্রণবের দল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী আনা হাজরেকে সতর্ক করে বলেন, গণতন্ত্র থেকে বিচ্যুতি 'ভয়ানক' নজির সৃষ্টি করতে পারে।
গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান রেখে তিনি বলেন, "আমরা অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করবো না। এ প্রক্রিয়া সময়সাপেক্ষ ও বি¯তৃত; তবে সমন্বিত ও সুষ্ঠু।"
রাষ্ট্রীয় খেতাব 'পদ্ম বিভূষণ' পাওয়া আনা হাজারে আলোচনায় উঠে আসেন গত এপ্রিল মাসে। বছরের শুরুতে ভারতে কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে দুর্নীতি প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের দাবিতে আমরণ অনশনে বসেন তিনি।
সরকার দাবি মেনে নিলে পাঁচ দিন পর অনশন ভাঙেন হাজারে। তবে বলেন, আন্দোলন চলবে।
সাদা কোর্তা, টুপি ও মাহাত্মা গান্ধীর আদলে চশমা পরিহিত ৭৪ বছর বয়সী গান্ধীবাদী এ সমাজকর্মী ১৬ অগাস্ট লোকপাল বিলে ওই তিনটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবিতে নয়া দিল্লির জয় প্রকাশ নারায়ণ পার্কে নতুন করে আমরণ অনশনে বসার ঘোষণা দেন।
কিন্তু তার আগেই তাকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তারে সারা দেশে প্রতিবাদ ছড়িয়ে পড়লে ১৮ অগাস্ট ১৫ দিনের অনশনে বসার অনুমতি দিয়ে তাকে কারাগার থেকে ছাড়া হয়।
তখন থেকে নয়া দিল্লির রামলীলা ময়দানে অনশন করছেন হাজারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জিএনএ/২৩১৮ ঘ.
bdnews24