২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় ক্যাসিনোতে হামলা তথ্যের জন্য ২.৪ কোটি ডলার পুরস্কার ঘোষণা

মেক্সিকোর ক্যাসিনোতে হামলার ঘটনায় জড়িতদের সম্পর্কে তথ্যের জন্য ২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে মেক্সিকো সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 06:55 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেক্সিকোর ক্যাসিনোতে হামলার ঘটনায় জড়িতদের সম্পর্কে তথ্যের জন্য ২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে মেক্সিকো সরকার। বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলীয় মন্টেররেই শহরে একটি ক্যাসিনোতে অস্ত্রধারীদের হামলায় ৫১ জন নিহত হয়। হামলাকারীরা ক্যাসিনোতে ঢুকে বোমা বিস্ফোরণ ঘটায় এবং তারপর ক্যাসিনো ভবনে আগুন ধরিয়ে দেয়। এতে করে ক্যাসিনো রয়্যাল নামে ওই ভবনের ভেতরে আটকে পড়া অনেকে নিহত হয়। কর্মকর্তাদের ধারণা এটি একটি পরিকল্পিত হামলা। ২০০৬ সালে মেক্সিকোয় মাদকচক্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেশটির সরকার। এরপর প্রায়ই মাদকচক্রের সদস্যদের সাথ নিরাপত্তা বাহিনীর যুদ্ধ বেধে যায়। এতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। ক্যাসিনো রয়্যালে এই হামলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নিন্দা জানিয়েছেন। তিনি অপরাধী চক্রের বিরুদ্ধে মেক্সিকো সরকারের লড়াইয়ে সব ধরনের সহায়তার অঙ্গীকার করেন। দুপুরের পরপরই ক্যাসিনো রয়্যালে হামলা চালানো হয়। এ সময় সেখানে ১শ'জনের মতো কর্মী ও ক্রেতা অবস্থান করছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলায় ৫২ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। দেশটির প্রেসিডেন্ট ফিলিপ কাল্ডেরোন টুইটারে এ হামলাকে 'বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড' হিসেবে উল্লেখ করে সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছেন। টেলিভিশনে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে জাতীয় নিরাপত্তা বাহিনীর মুখপাত্র আলেজান্দ্রো পোইরে বলেন, সহিংসতা বন্ধ ও হামলাকারীদের গ্রেপ্তারে সরকার সর্বাত্মক চেষ্টা চালাবে। মেক্সিকোতে ক্যাসিনো দিন দিন জনপ্রিয়তা লাভ করছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি ক্যাসিনোয় হামলা চালানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০০ ঘ.