২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজীব গান্ধীর হত্যাকাণ্ডে জড়িত তিনজনের ফাঁসি ৯ সেপ্টেম্বর

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যাকাণ্ডের সাথে জড়িত তিন অভিযুক্তের মৃত্যুদণ্ড আগামী ৯ সেপ্টেম্বর কার্যকর করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 05:33 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যাকাণ্ডের সাথে জড়িত তিন অভিযুক্তের মৃত্যুদণ্ড আগামী ৯ সেপ্টেম্বর কার্যকর করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তামিল নাড়ু প্রদেশের এক কারাগারে ওই তিন অভিযুক্ত আটক রয়েছেন। ৯ সেপ্টেম্বর ভোরে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে ওই কারাগারের এক কর্মকর্তা জানান। মুরুগান, সান্তান এবং পেরারিভালান নামে তিন অভিযুক্তকে আদালতে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ ভারতের রাষ্ট্রপতি কাছে সাধারণ ক্ষমার জন্য পাঠানো হয়। কিন্তু রাষ্ট্রপতি তা প্রত্যাখ্যান করেন। ১৯৯১ সালে তামিল টাইগারের এক সদস্য আত্মঘাতী বোমা হামলা চালিয়ে রাজীব গান্ধীকে হত্যা করেন। এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে ওই তিনজনকে অভিযুক্ত করা হয়। তিন জনই শ্রীলঙ্কার বিদ্রোহী গোষ্ঠী তামিল টাইগারের সদস্য। মুরুগান ও সান্তান শ্রীলঙ্কার নাগরিক আর পেরারিভালান ভারতীয় তামিল। ২০০৬ সালে তামিল টাইগাররা রাজীব গান্ধীকে হত্যার জন্য দুঃখপ্রকাশ করে। ১৯৯৯ সালেই ওই তিনজনের মৃত্যুদণ্ড বহাল রাখে ভারতের সর্বোচ্চ আদালত। কিন্তু নলিনী শ্রীহরণ নামে এক ভারতীয় তামিল নারী যিনি ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। নলিনী শ্রীহরণ মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুরুগানের স্ত্রী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই তিনজনের আইনজীবী পুজাজেনদাই বিবিসিকে জানান, "তিনজনকেই আজ জানিয়ে দেওয়া হয়েছে, তাদের মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে।" অভিযুক্ত পেরারিভালানের মা জানিয়েছেন, সে (পেরাভালান) এই অভিযোগ অস্বীকার করেছে। তার কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে বলে তিনি বিশ্বাস করেন। ভারতে মৃত্যুদণ্ডের ঘটনা বিরল। সর্বশেষ ২০০৪ সালে ৪১ বছর বয়সী সাবেক এক নিরাপত্তারক্ষীকে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১১৫ ঘ.