আম্মান, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে শুক্রবার জুমার নামাজের পর শুরু হওয়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছে।
দির আল জোর শহরের এক বাসিন্দা জানিয়েছেন, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী গুলি চালালে ২ জন নিহত হয়। এদের একজন ২৬ বছর বয়সী এবং অন্যজনের বয়স ২২।
জান্দোল ক্যাফের কাছে কানামা রাস্তায় গুলিতে গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, দক্ষিণের হাওরান সমতল এলাকা নাওয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে একজন। মানবাধিকার কর্মী ও বাসিন্দারা একথা জানিয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতজুড়ে ৮ জনকে হত্যা করেছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী।
লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির পতন ঘনিয়ে আসতে থাকায় সতর্কতা অবলম্বনের জন্য আসাদের শাসনের বিরূদ্ধে রাজপথের আন্দোলন বন্ধ করতে এ অভিযান চালানো হয়।
কিশওয়েহ শহরে আসাদের অপসারণ দাবি করে "লিবিয়াবাসীদের অভিনন্দন"- লিখিত পোস্টার নিয়ে বিক্ষোভকারীরা মিছিল করেছে।
অন্যদিকে লেবানন সীমান্তের কাছাকাছি এবং রাজধানীর পশ্চিমাংশে পর্যটন শহর জাবাদানিতেও বিক্ষোভকারীরা আসাদ বিরোধী স্লোগান দিয়ে মিছিল করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১০ঘ.
bdnews24