২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরত-এ বিমান হামলা চালাচ্ছে ন্যাটো

গাদ্দাফির জন্মশহর সিরত এ বিমান হামলা চালাচ্ছে ন্যাটো। বৃহস্পতিবার রাত থেকে হামলা চলছে। ব্রিটিশ জঙ্গিবিমানগুলো রাতভর বড় বড় বাঙ্কারে বোমাবর্ষণ করেছে বলে শুক্রবার জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 02:23 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাদ্দাফির জন্মশহর সিরত এ বিমান হামলা চালাচ্ছে ন্যাটো। বৃহস্পতিবার রাত থেকে হামলা চলছে। ব্রিটিশ জঙ্গিবিমানগুলো রাতভর বড় বড় বাঙ্কারে বোমাবর্ষণ করেছে বলে শুক্রবার জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী। লড়াইয়ে বিদ্রোহীদের এগিয়ে নিতে ন্যাটো এ হামলা শুরু করেছে। সিরত এ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ব্রিটেনের টর্নেডো জঙ্গি বিমান। তিউনিসিয়া সীমান্তবর্তী আল ওয়াতিয়াহ এলাকার কাছে গাদ্দাফি বাহিনীর কয়েকটি দূর পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রও ধ্বংস হয়েছে বিমান হামলায়। ওদিকে, বিদ্রোহীরা সিরত এ হামলার প্রস্তুতি হিসাবে ১শ কিলোমিটার পশ্চিমের বিন জাওয়াদ শহরে শক্তি সঞ্চয় করছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স বিবিসি কে বলেছেন, এ মুহূর্তে গাদ্দাফিকে খুঁজে পাওয়া নয় বরং লড়াই চালানোয় গাদ্দাফি বাহিনীকে অক্ষম করে দেওয়াটাই বড় প্রশ্ন। তাদের কমান্ড ও কন্ট্রোল সিস্টেম ভেঙে দিতেই আমরা সিরত এর বাঙ্কারে গতরাত থেকে হামলা শুরু করেছি, বলেন তিনি। সিরত এর একটি বড় বাঙ্কারে শুক্রবার ব্রিটিশ জঙ্গিবিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। গাদ্দাফি বাহিনীর কমান্ড ও কন্ট্রোল সেন্টার এ বাঙ্কারেই। গাদ্দাফি অনুগত একটি গণমাধ্যম বাঙ্কারে হামলার খবর নিশ্চিত করেছে। কিন্তু হামলার সময় সেখানে গাদ্দাফি ছিলেন কিনা কিংবা তিনি আদৌ সিরত-এ আছেন কিনা তা জানা যায়নি। সিরত এর কাছে অবস্থান নিয়ে থাকা গাদ্দাফি বাহিনীর ২৯ টি সামরিক যানও ন্যাটো বিমান হামলার লক্ষ্য। তাছাড়া ত্রিপোলির কাছে গাদ্দাফি বাহিনীর ক্ষেপণাস্ত্র মোতায়েন থাকা জায়গাগুলোতেও ইতোমধ্যেই বোমা হামলা চালিয়েছে ন্যাটো। ত্রিপোলির আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্রোহীরা গাদ্দাফি অনুগত বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে পড়ার পর ন্যাটো এ হামলা চালায়। সেখানে এখনো চলছে তুমুল লড়াই। অন্যদিকে, ত্রিপোলির পূর্বের শহর সিরত এ গাদ্দাফি অনুগত বাহিনী এখনো লড়াই চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন লিয়াম ফক্স। তিনি বলেন, তাদের এ সামরিক শক্তি নিঃশেষ করে দিতে ন্যাটো লড়ে যাবে। "খেলা শেষ"- গাদ্দাফি শিবিরের এখন একথা স্বীকার করে নেওয়ার সময় হয়ে এসেছে বলে মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৭ঘ.