আবুজা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ার রাজধানী আবুজায় জাতিসংঘ দপ্তরে শুক্রবার গাড়ি বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন এ হামলার নিন্দা জানিয়েছেন।
আবুজার পুলিশ কমিশনার মাইক জুয়োকুমর বলেছেন, "বিভিন্ন জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। সেকারণে আমরা ঠিক কতজন নিহত হয়েছে তা জানি না। তবে নিহতের সংখ্যা অন্তত ১৮ হবে।"
বান বলেন, আমরা এখনো নিহতের সঠিক সংখ্যা জানতে না পারলেও তা অনেকই হবে। কারণ, ওই দপ্তরে কমপক্ষে ২৬ টি মানবিক বিষয়ক ও উন্নয়ন সংস্থা আছে।
হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, "অন্যদের সেবায় নিবেদিতপ্রাণ মানুষদেরওপর এ হামলা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।"
নাইজেরিয়ার কট্টরপন্থি ইসলামিক গোষ্ঠি বোকো হারাম কিংবা উত্তর আফ্রিকার আল কায়েদা অঙ্গ সংগঠন এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বোকো হারাম সম্প্রতি বেশ কিছু হামলা চালিয়েছে এবং তাদের হামলা বাড়ছে।
আবুজার এক নিরাপত্তা সূত্র জানায়, "একটি গাড়ি জাতিসংঘ ভবনের নিরাপত্তা ফটকের বেজমেন্টে আঘাত করে বিস্ফোরিত হয়। এ কাজ অনেকটা বোকো হারাম অথবা একিউআইএম'র (আল কায়েদা ইন দ্য ইসলামিক মাঘরেব) মতো। তারা নাইজেরিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।"
আবুজার এক অধিবাসী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, "গাড়িটি সোজা বেজমেন্টে ঢুকে বিস্ফোরিত হয়। এতে ডানে-বাঁয়ে রিসেপশনে থাকা লোকজন নিহত হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় পুরো ভবনে। ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। আমি ছয়টি মৃতদেহ নিয়ে যেতে দেখেছি।"
এর আগের খবরে নাইজেরিয়ায় রেডক্রসের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছিলেন, তাদের কাছে ১৬ টি লাশের রেকর্ড আছে এবং আহত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
জাতিসংঘ ভবনের কর্মী ওচিলাজে মাইকেল বলেন, "বিস্ফোরণের পর তিনি বেশ কিছু মৃতদেহ দেখেছেন।"
তিনি আরো বলেন, "আমরা শুধু দেখলাম ভবনে বিস্ফোরণ হলো। বেজমেন্টে যারা ছিল সবাই মারা গেছে। আমি প্রায় ৫ টি মৃতদেহ দেখেছি।"
রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মৃতদেহগুলো একটি এ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল সিল করে দিয়েছে।
হামলায় পুরো ভবনটি পুড়ে কালো হয়ে গেছে। কোথাও কোখাও উড়ে গেছে দেয়াল। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তুপ।
এর আগে আবুজায় জুনে পুলিশ দপ্তরের কাছে এ ধরনের একটি হামলা হয়েছে। বোকো হারাম ওই হামলার দায় স্বীকার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮০৬ঘ.
bdnews24