সান সালভাদর, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে এবার স্বীকৃতি দিয়েছে এল সালভাদর।
ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্রে উন্নীত করতে আরব লিগের নেওয়া উদ্যোগের অংশ হিসেবে এল সালভাদর এ স্বীকৃতি দিয়েছে।
ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের 'পর্যবেক্ষক' হিসেবে রয়েছে।
এক সংবাদ সম্মেলনে এল সালভাদরের প্রেসিডেন্ট মৌরিসিও ফিউনস বলেন, "জাতিসংঘের অধিকাংশ সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র বলে বিবেচনা করে। এর পরিপ্রেক্ষিতে এল সালভাদর এ সিদ্ধান্ত নিয়েছে।"
এই সিদ্ধান্ত ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি ঘটাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ফিলিস্তিনের নিরাপদ সীমান্তের অধিকারকেও সমর্থন জানান এল সালভাদরের প্রেসিডেন্ট।
তবে পূর্ণ সদস্য রাষ্ট্রের স্বীকৃতি পেতে হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন হবে।
এদিকে ইসরায়েলের ঘনিষ্ঠমিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র জানিয়েছে, এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হলে তারা ভেটো দেবে।
এ পর্যন্ত প্রায় ১২০টি দেশ ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৫৪ ঘ.
bdnews24