২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় প্রধানের পদ ছাড়লেন নাওতো কান

জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান ক্ষমতাসীন দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। দলীয় প্রধানের পদ ত্যাগ করার মধ্যদিয়ে দেশটিতে পাঁচ বছরের মধ্যে ষষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচনের পরিস্থিতি তৈরি হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 05:58 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

টোকিও, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান ক্ষমতাসীন দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। দলীয় প্রধানের পদ ত্যাগ করার মধ্যদিয়ে দেশটিতে পাঁচ বছরের মধ্যে ষষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচনের পরিস্থিতি তৈরি হল। বিবিসি জানিয়েছে, দেশটির ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি সোমবার নতুন নেতৃত্ব নির্বাচন করবে বলে আশা করা হচ্ছে। চলতি বছরের ১১ মার্চ জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামি আঘাত হানে। এতে জাপানের ফুকুশিমা পারমাণবিক স্থাপনা গুরুতর ক্ষতির সম্মুখীন হয়। মূলতঃ ওই জটিল পরিস্থিতি যথাযথভাবে মোকাবিলা করতে না পারার কারণেই নাওতো কান ব্যাপকভাবে সমালোচিত হন। এই পরিস্থিতিতে জুনে কান অঙ্গীকার করেন, একটি গুরুত্বপূর্ণ আইনের তিনটি প্রধানধারা পার্লামেন্টে অনুমোদন হলেই তিনি পদ থেকে সরে দাঁড়াবেন। শুক্রবার কানের দেওয়া শর্তানুযায়ী তিনটি ধারাই পার্লামেন্ট অনুমোদন করেছে। জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম প্রধানমন্ত্রী নাওতো কানকে উদ্ধৃত করে জানায়, "২ জুনে দেওয়া অঙ্গীকার অনুযায়ী আমি দলীয় (ডেমোক্রেটিক পার্টি অব জাপান) প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছি।" কান আরো বলেন, "নতুন নেতা নির্বাচিত হওয়া মাত্র আমি প্রধানমন্ত্রীর পদ থেকেও সরে দাঁড়াবো।" নাওতো কানের এই ঘোষণার পর জাপানে নতুন প্রধানমন্ত্রী কে হতে পারে তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রী ইশিহিকো নোদা, বাণিজ্যমন্ত্রী বানরি কাইয়েদা, কৃষিমন্ত্রী মিচিহিকো কানো এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী সেইজি মায়েহারার নাম শোনা যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৫৩ ঘ.