২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারের আন্দোলন এবার প্রধানমন্ত্রীর দোরগোড়ায়

ভারতের দুর্নীতিবিরোধী সমাজকর্মী আনা হাজারে এবার সাধারণ মানুষের দাবি আমলে নেওয়ার আবেদন জানাতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাড়ির বাইরে জমায়েত হওয়ার ডাক দিয়েছেন সমর্থকদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 03:30 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা¬, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ভারতের দুর্নীতিবিরোধী সমাজকর্মী আনা হাজারে এবার সাধারণ মানুষের দাবি আমলে নেওয়ার আবেদন জানাতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাড়ির বাইরে জমায়েত হওয়ার ডাক দিয়েছেন সমর্থকদের। এমপিদের বাড়ির বাইরেও সমর্থকদের সমবেত হয়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছেন হাজারে। বুধবার হাজারের কঠোর দুর্নীতি-বিরোধী দাবিদাওয়া নিয়ে তার সহযোগীদের সঙ্গে সরকারের আলোচনা ভেস্তে গেছে। তিন রাউন্ডব্যাপী আলোচনার পরও কোনো সুরাহা না হওয়ায় হাজারের সমর্থকরা ফের আন্দোলনে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বিবিসি। যদিও মনমোহন এরই মধ্যে হাজারেকে ১০ দিনের অনশন বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। পার্লামেন্টে তিনি বলেন, "আমি তার প্রশংসা করছি, তাকে সম্মান জানাচ্ছি। তার জীবন মহামূল্যবান। আর সে কারণেই আমি আনা হাজারাকে অনশন বন্ধের আহ্বান জানাচ্ছি।" এর আগে রাজনৈতিক দলগুলোও হাজারেকে একযোগে অনশন বন্ধের আহ্বান জানিয়েছে। তাছাড়া, কঠোর দাবির মুখে নির্বাচিত সংসদকে জিম্মি করা নিয়ে বাড়তে থাকা সমালোচনার কারণে দাবি শিথিল করার জন্যও হাজারের ওপর চাপ বাড়ছে। কিন্তু কোনো কিছুতেই মত বদলাচ্ছেন না হাজারে। দিল্লির রামলীলা ময়দানে হাজারের অনশন ১০ দিনে গড়িয়েছে। এ ক'দিনে হাজারের ৫ কেজিরও বেশি ওজন কমে তিনি দুর্বল হয়ে পড়েছেন বলে জানিয়েছে তার সমর্থকরা। হাজারের দাবি মেনে সরকারকে ৪ দিনের মধ্যে দুর্নীতি-বিরোধী বিল পাশের দাবি জানাচ্ছে তারা। ওদিকে, সরকার তাদের পক্ষ থেকে নতুন একটি বিল উত্থাপনের প্রস্তাব দিয়েছে। তার দাবিদাওয়া নিয়ে পার্লামেন্টে বিতর্কেরও প্রস্তাব দিয়েছেন মনমোহন। কিন্তু হাজারের সহযোগী অরবিন্দ কেৎরিওয়াল স্পষ্টই বলেছেন, শনিবারের মধ্যে কোনো মতৈক্য না হলে গোটা দেশের মানুষকেই নয়াদিল্লির আন্দোলনে সামিল হওয়ার ডাক দেবেন তারা। সাদা কোর্তা, টুপি ও মাহাত্মা গান্ধীর আদলে চশমা পরিহিত গান্ধীবাদী এ সমাজকর্মী নতুন করে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন সরকারকে। রাষ্ট্রীয় খেতাব 'পদ্ম বিভূষণ' পাওয়া আনা হাজারে আলোচনায় উঠে আসেন গত এপ্রিল মাসে। বছরের শুরুতে ভারতে কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে দুর্নীতি প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের দাবিতে আমরণ অনশনে বসেন তিনি। সরকার দাবি মেনে নিলে পাঁচ দিন পর অনশন ভাঙেন তিনি, তবে বলেন, লড়াই চলবে। আনার দাবির মুখে সরকার আইনের যে খসড়া তৈরি করেছে, তা দুর্বল বলে দাবি করেছেন এ সমাজকর্মী। তাই নতুন করে তার এ অনশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৫ঘ.