ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---লিবিয়ার রাজধানী ত্রিপোলির বেশির ভাগ এলাকা দখলে নেওয়ার পর এবার গাদ্দাফির নিজ শহর সিরতের দিকে এগুচ্ছে বিদ্রোহীরা।
শহরটিতে যাওয়ার পথে গাদ্দাফি অনুগত বাহিনীর সঙ্গে প্রচণ্ড পাল্টাপাল্টি রকেট হামলার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে তারা। কিন্তু বিন জাওয়াদ শহরের কাছে বিদ্রোহীরা প্রবল প্রতিরোধের সম্মুখীন হচ্ছে।
বিদ্রোহী কমান্ডার ফৌজি বুকাতিফ এর উদ্ধৃতি দিয়ে এএফপি বার্তা সংস্থা জানিয়েছে, "আমরা বিস্মিত, গাদ্দাফি বাহিনী এখনো লড়ে যাচ্ছে। ত্রিপোলির পতন ঘটলেই তারা আত্মসমর্পণ করবে বলে আমরা মনে করেছিলাম।"
সিরত শহরের কাছ থেকে বিবিসি'র সংবাদদাতা পল উড জানান, লড়াই এখনো শেষ হয়নি। রকেটের শব্দ শোনা যাচ্ছে। চোখে পড়ছে ধোঁয়ার কুন্ডলী।
শহরটিতে যাওয়ার রাস্তায় অবস্থান নিয়ে আছে গাদ্দাফি অনুগত বাহিনীর প্রায় ১ হাজার সদস্য। তারা হামলা চালাচ্ছে। পাল্টা জবাবে গ্রাড রকেট ছুড়ছে বিদ্রোহীরা।
সিরত ছাড়াও গাদ্দাফি বাহিনীর নিয়ন্ত্রণাধীন আরো কয়েকটি এলাকার দখল নেওয়া বিদ্রোহীদের লক্ষ্য। এরই মধ্যে তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে ত্রিপোলির বিমানবন্দর দখল করে নেওয়ার কথা জানিয়েছে তারা।
"গাদ্দাফি জীবিত ধরা পড়লে কিংবা মারা গেলেই কেবল লড়াই শেষ হবে", বলেন বিদ্রোহী পরিষদ ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল (এনটিসি)'র প্রধান মুস্তফা আব্দুল জলিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৭ঘ.
bdnews24