২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রায় ধরা পড়ে গিয়েছিলেন গাদ্দাফি

ত্রিপোলির একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বুধবার মুয়াম্মার গাদ্দাফিকে প্রায় ধরেই ফেলেছিলো বিদ্রোহী কমান্ডোরা। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

প্যারিস, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ত্রিপোলির একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বুধবার মুয়াম্মার গাদ্দাফিকে প্রায় ধরেই ফেলেছিলো বিদ্রোহী কমান্ডোরা। ওই বাসায় তিনি লুকিয়ে ছিলেন এমন আলামত পাওয়া গেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে প্যারিস ম্যাচ ম্যাগাজিন। আরব রাষ্ট্রগুলোর গোয়েন্দা সংস্থা ও লিবিয়ার বিদ্রোহীদের মধ্যে সমন্বয়রক্ষাকারী এক ইউনিটের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ফ্রান্সের ওই ম্যাগাজিন তাদের ওয়েবসাইটে জানিয়েছে, গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা গাদ্দাফি এখনো ত্রিপোলিরই কোথাও না কোথাও লুকিয়ে আছেন। বিশ্বস্ত এক সূত্র থেকে খবর পেয়ে বুধবার স্থানীয় সময় সকাল ১০ টার দিকে গোয়েন্দারা ত্রিপোলির মধ্যাঞ্চলে অবস্থিত ওই বাড়িতে যাওয়ার আগেই গাদ্দাফি সেখান থেকে পালিয়ে যান। ম্যাচ ম্যাগাজিন বলেছে, গাদ্দাফি সেখানে কমপক্ষে একটি রাত কাটিয়েছেন এমন প্রমাণ খুঁজে পেয়েছে তারা। গাদ্দাফিকে খুঁজতে গোয়েন্দা তথ্য দিয়ে ন্যাটো লিবিয়ার বিদ্রোহীদের ইতোমধ্যেই সহায়তা করতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী। অনেক বিশ্লেষকেরই ধারণা, বিদ্রোহী কমান্ডোদের সঙ্গে লিবিয়ার মাঠ পর্যায়ে গাদ্দাফিকে খোঁজার অভিযানে নেমেছে ফ্রান্স, ব্রিটেন, এবং কাতারের মতো আরব মিত্র দেশগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০৯ঘ.