২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপরিণত শিশু জন্মের আশঙ্কা কমায় ভিটামিন

গর্ভাবস্থায় মাল্টিভিটামিন খেলে অকালে সন্তান জন্মদান এবং স্বাভাবিকের চেয়ে ছোট শিশু জন্মানোর আশঙ্কা কমে। নতুন এক গবেষণায় একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 11:03 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

নিউ ইয়র্ক, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রযটার্স)- গর্ভাবস্থায় মাল্টিভিটামিন খেলে অকালে সন্তান জন্মদান এবং স্বাভাবিকের চেয়ে ছোট শিশু জন্মানোর আশঙ্কা কমে। নতুন এক গবেষণায় একথা বলা হয়েছে। ডেনমার্কের প্রায় ৩৬ হাজার গর্ভবতী নারীর ওপর গবেষণা চালিয়ে এ তথ্য পাওয়া গেছে। তাদের খাদ্যাভ্যাস, ওজন এবং তারা ভিটামিন খায় কিনা তা নিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল। অপুষ্টি গর্ভকালীন জটিলতা সৃষ্টি করে; যেমন: সময়ের আগেই সন্তান জন্মদান এবং মাতৃগর্ভে সন্তানের সঠিক বৃদ্ধি না হওয়া। নতুন গবেষণায় এ বিষয়টি আরো স্পষ্টভাবে ধরা পড়েছে। তবে যারা গর্ভবতী হবেন বা ইতোমধ্যে গর্ভধারণ করেছেন তাদের মাল্টিভিটামিন খাওয়াটা যে হিতকর হবে গবেষণায় তেমন প্রমাণ মেলেনি বলে সতর্ক করেছেন গবেষকরা। গর্ভধারণের শেষ পর্যায়ের ৪ সপ্তাহ আগে বা ৮ সপ্তাহ পরে গর্ভবতী নারীর মাল্টিভিটামিন খাওয়ার বিষয়টিই মূলত খতিয়ে দেখা হয়েছে এ গবেষণায়। এতে দেখা গেছে, যেসব নারী ১২ সপ্তাহের মধ্যে অন্তত ৮ সপ্তাহ মাল্টিভিটামিন খেয়েছে তাদের ক্ষেত্রে সময়ের আগেই সন্তান জন্ম দেওয়ার হার ৪ দশমিক ৭ শতাংশ। আর যারা মাল্টিভিটামিন খায়নি তাদের ক্ষেত্রে এ হার ৫ দশমিক ৩ শতাংশ। 'আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন' নামক সাময়িকী এ গবেষণাপত্র প্রকাশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৫০ঘ.