২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'লিবিয়ায় জাতিসংঘেরই মূল ভূমিকা থাকা উচিত'

লিবিয়ায় যুদ্ধপরবর্তী পুনর্গঠনে জাতিসংঘকে নেতৃত্ব দেওয়া উচিত বলে জানিয়েছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 07:56 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

বেইজিং, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় যুদ্ধপরবর্তী পুনর্গঠনে জাতিসংঘকে নেতৃত্ব দেওয়া উচিত বলে জানিয়েছে চীন। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে টেলিফোন আলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিইচি লিবিয়ার ভবিষ্যৎ প্রশ্নে চীনের অবস্থান জানিয়েছেন। বান কি মুনকে তিনি জানান, বেইজিং চায় যুদ্ধপরবর্তী লিবিয়ায় শুধু পশ্চিমা সরকারগুলো একা নয়, জাতিসংঘের তত্ত্বাবধানে সমন্বিত আন্তর্জাতিক কর্তৃপক্ষ দায়িত্ব পালন করুক। মঙ্গলবার রাতে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইটে বান কি মুনের সাথে ইয়াং এর ফোনালাপের বিস্তারিত প্রকাশ করা হয়। "যুদ্ধপরবর্তী লিবিয়ার পুনর্গঠনে জাতিসংঘের প্রধান ভূমিকা পালন করা উচিত। আরব লিগ ও আফ্রিকান ইউনিয়নের মধ্যে সমন্বয় ও সহযোগিতা দৃঢ় করার জন্যও জাতিসংঘকে পরামর্শ দিচ্ছে চীন। লিবিয়ায় দ্রুত স্থিতি ফিরিয়ে আনতে ও পুনর্গঠনে চীন জাতিসংঘের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী," মুনকে বলেন ইয়াং। "আন্তর্জাতিক কর্তৃপক্ষের উচিত লিবিয়ায় মানবিক ত্রাণ সরবরাহ অব্যাহত রাখা," যোগ করেন ইয়াং। লিবিয়ার নতুন কর্তৃপক্ষ হিসেবে বিদ্রোহীদের এখনও স্বীকৃতি দেয়নি চীন, তবে লিবিয়ার ভবিষ্যৎ নিয়ে চীন যে উদ্বিগ্ন সে বিষয়টি ইয়াংয়ের কথাতেই প্রকাশ পেয়েছে। যদিও লিবিয়ার দীর্ঘদিনের শাসক গাদ্দাফির পতনের ক্ষেত্রে পশ্চিমাদের ভূমিকাই প্রধান, জাতিসংঘের উদ্যোগে 'আন্তর্জাতিক কর্তৃপক্ষ' ধরনের কোন ব্যবস্থা হলে লিবিয়া বিষয়ে যে কোন সিদ্ধান্ত নেয়ায় চীনের ভূমিকা রাখার সুযোগ থাকবে। বিশ্বে জ্বালানি তেল ব্যবহারকারীদের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা চীন ২০১০ সালে দেশটিতে ব্যবহৃত মোট তেলের তিন শতাংশ লিবিয়া থেকে আমদানি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪৫ ঘ.