২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া যাচ্ছে জাতিসংঘ দল

সিরিয়ায় বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনীর দমন-পীড়নের ঘটনার তদন্তে জাতিসংঘের একটি দল যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

জেনেভা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনীর দমন-পীড়নের ঘটনার তদন্তে জাতিসংঘের একটি দল যাবে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল সিরিয়ায় বিক্ষোভকারীদের ওপর চালানো দমনাভিযান বন্ধের দাবি জানিয়ে 'জরুরি ভিত্তিতে সেখানে আন্তর্জাতিক তদন্ত কমিশন পাঠানোর' একটি প্রস্তাব মঙ্গলবার পাস করেছে। চীন, রাশিয়া, কিউবাসহ চারটি দেশের বিরোধিতার পরও ভোটাভুটিতে এ প্রস্তাব পাস হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলে প্রস্তাবটি উপস্থাপন করে। এর পক্ষে ৩৩টি ভোট পড়ে। কাউন্সিলের ৯ সদস্য ভোট দেওয়া থেকে বিরত থাকে। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে সরকারবিরোধী দমন অভিযান কঠোরভাবে দমনের অভিযোগ ওঠার পর সোমবার জাতিসংঘ মানবাধিকার কমিশনার নাভি পিল্লাই মানবাধিকার কাউন্সিলের এ জরুরি অধিবেশন ডাকেন। সিরিয়ায় চলতি বছরের মার্চ থেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসন অবসানের দাবিতে শুরু হওয়া আন্দোলন দমনে সরকারি বাহিনীর দমনপীড়নে এ পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘ। নাভি পিল্লাই বলেন, "সিরিয়ার চলমান সহিংসতার গুরুত্ব এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর নৃশংস হামলা আপনাদের অব্যাহত মনোযোগ দাবি করে।" সিরিয়ার বাশার আল-আসাদের বিরুদ্ধে বিক্ষোভ দমনে সরকারি বাহিনী ভারী অস্ত্রশস্ত্রসহ অতিরিক্ত শক্তি ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।। সিরিয়ায় জাতিসংঘ তদন্ত কমিশন পাঠানোর সিদ্ধান্ত নিলেও সিরিয়া সরকার তাদের সহায়তা করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/এমডি/এমআই/১৯৪০ ঘ.