ত্রিপোলি, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার বিদ্রোহীরা গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামকে বন্দি করেছে বলে দাবি করলেও মঙ্গলবার ভোররাতে সাইফ ত্রিপোলিতে বিভিন্ন গণমাধ্যমের সামনে উপস্থিত হন।
অনুগত সশস্ত্র বাহিনীসহ গণমাধ্যমের সামনে উপস্থিত হয়ে সাইফ বিদ্রোহীদের পরাজিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
ত্রিপোলির রিক্সোস হোটেল যে এলাকায় রয়েছে সেই এলাকাটি এখনো গাদ্দাফি বাহিনীর দখলে রয়েছে। এই হোটেলটিতে বিদেশি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের গাদ্দাফি বাহিনী আটক করে রেখেছে বলে জানিয়েছিলেন আল জাজিরার ত্রিপোলি সংবাদদাতা।
ওই রিক্সোস হোটেলেই উপস্থিত হন গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম। তিনি সরকারি একটি গাড়িতে করে হোটেলটিতে আসেন। এসময় তিনি বিদ্রোহীদের হাতে তার আটকের খবর অস্বীকার করেন।
আল জাজিরা জানায়, তিনি হোটেলটিতে উপস্থিত প্রায় ত্রিশজন বিদেশি সাংবাদিকের সামনে বলেন, "আমি মিথ্যা দাবি খণ্ডন করতে এসেছি।"
তিনি বলেন, "আমরা বিদ্রোহীদের মেরুদণ্ড ভেঙ্গে ফেলেছি। এটি একটি ফাঁদ। এখন তাদের আমরা কঠিন সময় উপহার দেব, আমরাই জিততে যাচ্ছি।"
গার্ডিয়ান জানায়, এসময় বিদ্রোহীরা তাকে বন্দি করেছে বলে যে দাবি করেছে এবং এ বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতও নিশ্চিত করে। এ ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, "আন্তর্জাতিক আদালত জাহান্নামে যাক।"
তিনি বলেন, তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার পরোয়া করেন না।
আন্তর্জাতিক অপরাধ আদালত চলতি বছরের জুনে সাইফ, তার বাবা গাদ্দাফি ও দেশটির গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায় সমর্থক পরিবেষ্টিত সাইফ মুষ্টিবদ্ধ হাত শূন্যে ছুঁড়ছেন, হাসছেন, হাত নাড়ছেন আর সমর্থকদের সাথে করমর্দন করছেন। এসময় গণমাধ্যমের ক্যামেরার সামনে তিনি দুহাত তুলে ইংরেজি 'ভি' বা বিজয় চিহ্ন দেখান।
সাংবাদিকদের তিনি বাব আল আজিজিয়া কম্পাউন্ডে নিয়ে যান।
কর্নেল গাদ্দাফি সুস্থ্য এবং ত্রিপোলিতে আছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাইফ বলেন, "অবশ্যই তিনি সুস্থ্য আছেন এবং ত্রিপোলিতেই আছেন।"
ত্রিপোলি এখনও সরকারি বাহিনীর দখলেই আছে বলে দাবি করেন তিনি।
বিদ্রোহীরা দাবি করেছিল, রোববার ত্রিপোলির কাছাকাছি একটি পর্যটন এলাকা থেকে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে তারা আটক করেছে এবং তিনি বিদ্রোহীদের হেফাজতে আছেন।
আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী লুইস মোরিনো ওকাম্পো নিশ্চিত করেছিলেন, গাদ্দাফির ৩৯ বছর বয়স্ক ছেলে সাইফ আল ইসলাম বিদ্রোহীদের হাতে আটক আছেন।
বিদ্রোহীদের অন্তর্র্বতীকালীন জাতীয় পরিষদের সদস্য ওয়াহিদ বুরশান আল জাজিরাকে জানান, "আমরা তাকে গ্রেপ্তার করেছিলাম, তবে সে কিভাবে ছাড়া পেল সে বিষয়ে আমার কোন ধারণা নেই।"
এরআগে বিদ্রোহীরা জানায়, তারা গাদ্দাফির তৃতীয় ছেলে সাদি গাদ্দাফিকে গ্রেপ্তার করেছে। এরআগে বিদ্রোহীরা গাদ্দাফির আরেক ছেলে মোহাম্মদকেও গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৩৯ ঘ.
bdnews24