ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইয়েমেনে স্পিকার আবদুল আজিজ আবদুল গানি চিকিৎসাধীন অবস্থায় সৌদি আরবে মারা গেছেন।
চলতি বছরের জুনে ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহকে হত্যার উদ্দেশ্যে প্রেসিডেন্ট প্রাসাদে চালানো বোমা হামলায় গুরুতর আহত হন সালেহ। ওই হামলায় আরো বেশ কয়েকজন উপপদস্থ কর্মকর্তাও আহত হন। তাদের মধ্যে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের স্পিকার আবদুল গানিও ছিলেন।
আব্দুল আজিজ আব্দুল ঘানি ছিলেন ইয়েমেনি 'শুরা'র চেয়ারম্যান। শীর্ষ রাজনীতিবিদদের মধ্যে তিনিই প্রথম ব্যক্তি যিনি ওই বোমা হামলার জেরে মারা গেলেন।
গত ৩ জুলাই প্রেসিডেন্ট প্রাসাদের মসজিদে নামাজ পড়ে বের হয়ে আসার সময় সালেহকে হত্যার উদ্দেশ্যে রকেট চালিত গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় প্রেসিডেন্ট সালেহ গুরুতর আহত হন। তার তিনজন দেহরক্ষী ঘটনাস্থলেই মারা যায়।
ওই হামলায় স্পিকার আব্দুল গানিসহ আহত হন প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রীসহ আরো অনেকে। প্রেসিডেন্ট সালেহসহ এদের সবাই সৌদি আরবে চিকিৎসা নিচ্ছিলেন। এর মধ্যেই মারা গেলেন স্পিকার গানি।
দুই ইয়েমেন একত্র হওয়ার আগে আব্দুল গানি উত্তর ইয়েমেনের প্রধানমন্ত্রী ও পরে উপরাষ্ট্রপতি ছিলেন। ২০০৩ সালে তিনি ইয়েমেনের মসজিদে শুরার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।
আব্দুল গানির মরদেহ মঙ্গলবার ইয়েমেনে আনা হবে ও বুধবার তাকে রাজধানী সানায় দাফন করা হবে।
২ কোটি ৩০ লাখ অধিবাসীর দেশ ইয়েমেনে গত জানুয়ারি থেকে প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে প্রবল গণআন্দোলন চলছে।
সোমবারও প্রেসিডেন্ট সালেহর পদত্যাগের দাবিতে তিয়াজ শহরে ব্যাপক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, সৌদি আরবে চিকিৎসাধীন সালেহর অনুপস্থিতিতে অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ভাইস প্রেসিডেন্ট। সালেহ শিগগিরই দেশে ফিরবেন বলে প্রায়ই জানান দেন অস্থায়ী প্রেসিডেন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪৬ ঘ.
bdnews24