২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপোলিতে গাদ্দাফির আস্তানার কাছে প্রচণ্ড লড়াই

লিবিয়ার বিদ্রোহীরা রোববার রাজধানী ত্রিপোলির অধিকাংশ এলাকা দখল করে নিলেও গাদ্দাফির মূল আস্তানা বাব আল আজিজিয়ার কাছে প্রতিরোধের মুখে পড়েছে। সেখানে গাদ্দাফি অনুগতদের সাথে বিদ্রোহীদের তীব্র লড়াই চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 01:30 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার বিদ্রোহীরা রোববার রাজধানী ত্রিপোলির অধিকাংশ এলাকা দখল করে নিলেও গাদ্দাফির মূল আস্তানা বাব আল আজিজিয়ার কাছে প্রতিরোধের মুখে পড়েছে। সেখানে গাদ্দাফি অনুগতদের সাথে বিদ্রোহীদের তীব্র লড়াই চলছে। রাজধানী ত্রিপোলির দখল নিতে বিদ্রোহীদের তেমন কোন বাধার সম্মুখীন হতে হয় নি। তারা স্রোতের মতো ত্রিপোলির দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিক থেকে এসে রাজধানীর কেন্দ্রস্থল দখল করে নেয়। বিদ্রোহীদের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, ত্রিপোলির ১৫ থেকে ২০ ভাগ এলাকা এখনও গাদ্দাফি অনুগতদের নিয়ন্ত্রণে রয়েছে। আল জাজিরা জানিয়েছে, ত্রিপোলির কয়েকটি ছোট ছোট এলাকা এখনও দখল করে রেখেছে গাদ্দাফি বাহিনী। গাদ্দাফির বাব আল আজিজিয়া কম্পাউন্ড থেকে ট্যাংক বের হয়ে গোলাবর্ষণ করলে তীব্র লড়াই শুরু হয়। এদিকে, ত্রিপোলিতে গাদ্দাফি অনুগত বাহিনীর সাথে বিদ্রোহীদের লড়াই শুরু হওয়ার পরপর ত্রিপোলির রিক্সোস হোটেলে আটকা পড়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা। এলাকাটি গাদ্দাফি অনুগতদের দখলে আছে বলে জানিয়েছে আল জাজিরা। আল জাজিরার সাংবাদিক জিনিয়া খোদর ত্রিপোলির 'সবুজ চত্বর' থেকে জানিয়েছেন, গাদ্দাফি বাহিনী সাংবাদিকদের হোটেল থেকে বের হতে দিচ্ছে না এবং তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অবরুদ্ধ সাংবাদিকরা ফোনে তাকে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫৩১ ঘ.