ওক ব্লাফস্, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, লিবিয়ায় গাদ্দাফি শাসন অবসানের লক্ষণ স্পষ্ট হয়ে উঠছে, তাই গাদ্দাফির উচিত আরো রক্তপাত না ঘটিয়ে ক্ষমতা ছেড়ে দেওয়া।
বোস্টনের কাছে মার্থার'স ভাইনিয়ার্ড নামক একটি দ্বীপে অবকাশ যাপনরত মার্কিন প্রেসিডেন্ট রোববার এক বিবৃতিতে গাদ্দাফির প্রতি এ আহ্বান জানান।
তিনি বলেন, "লিবিয়ার রক্তপাত শেষ করার নিশ্চিত পথটা খুব সোজা, ক্ষমতার শেষপ্রান্তে উপস্থিত হয়েছেন এটা গাদ্দাফি ও তার শাসকগোষ্ঠীর উপলব্ধি করা প্রয়োজন। তিনি আর লিবিয়ার নিয়ন্ত্রক নন, এটা গাদ্দাফির উপলব্ধি করা দরকার। ক্ষমতা থেকে তাকে চিরকালের মতো সরে দাঁড়ানো দরকার।"
গাদ্দাফি বাহিনীর হামলা থেকে লিবিয়ার বিদ্রোহী, আন্দোলনকারী ও সাধারণ নাগরিকদের রক্ষার জন্য গত মার্চ থেকে গাদ্দাফি ও তার অনুগত বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ করে ন্যাটোর বোমা হামলায় যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বোমা হামলায় যুক্তরাষ্ট্র গোয়েন্দা সহায়তাসহ বিভিন্ন কারিগরি সহয়তা দেয়।
লিবিয়ার জনগণকে মানবিক সংকট থেকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্র লিবিয়ায় হস্তক্ষেপ করেছে জানিয়ে ওবামা বলেন, গাদ্দাফির ক্ষমতা ত্যাগের পরও যুক্তরাষ্ট্র লিবিয়ায় ভূমিকা রাখবে।
গাদ্দাফি ক্ষমতা ছাড়ার পর লিবিয়ার অর্ন্তর্বতী জাতীয় পরিষদকে লিবিয়ার নিয়ন্ত্রণভার গ্রহণ করার আহ্বান জানান ওবামা। ক্ষমতা গ্রহণের পর সংঘাত এড়াতে সব ধরনের প্রচেষ্টা গ্রহণের জন্য তিনি অর্ন্তর্বতী পরিষদের প্রতি অনুরোধ রাখেন। লিবিয়ার অন্যান্য সরকারী প্রতিষ্ঠানগুলো রক্ষা করতে এবং দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করারও আহ্বান জানান ওবামা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩২৯ ঘ.
bdnews24