২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধরা দেবো না: গাদ্দাফি

বিদ্রোহীরা ত্রিপোলিতে ঢুকে পড়লেও হার স্বীকার না করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মুয়াম্মার গাদ্দাফি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 04:44 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ত্রিপোলি, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহীরা ত্রিপোলিতে ঢুকে পড়লেও হার স্বীকার না করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মুয়াম্মার গাদ্দাফি। বিদ্রোহীরা রাজধানীর কিছু অংশ নিয়ন্ত্রণে নেওয়ার পর গাদ্দাফি টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বলেন, "ত্রিপোলিকে আমার দখলদার আর তাদের এজেন্টদের কাছে ছেড়ে যাবো না। যুদ্ধ চলবে, আমিও আছি এ লড়াইয়ে।" গাদ্দাফির এ ভাষণের খবর সংবাদ মাধ্যম প্রকাশ করেছে। এ ভাষণ প্রচার হওয়ার পর গাদ্দাফির দুই ছেলেকে বন্দি করেছে বিদ্রোহীরা। ত্রিপোলির অনেকটা অংশ এখন তাদের নিয়ন্ত্রণে। তবে গাদ্দাফি অক্ষত রয়েছেন বলে খবরে বলা হয়। গাদ্দাফি বলেন, "খোদার ইচ্ছায় আমরা হার স্বীকার করবো না। জয়ী হয়ে আসবো আমরা। এ পরিস্থিতি বদলে দেবো।" পশ্চিমা সমর্থিত বিদ্রোহীদের 'দালাল' ও 'ইঁদুর' বলে আখ্যায়িত করেন তিনি। ১৯৬৯ সালে মাত্র ২৭ বছর বয়সে রক্তপাতহীন এক অভ্যূত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেন সামরিক কর্মকর্তা গাদ্দাফি। দীর্ঘ শাসনামলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করে টিকে থাকলেও ২০১১ সালে আরব গণজাগরণের ঢেউয়ে অস্তিত্বের সঙ্কটে পড়লেন গাদ্দাফি। বিদ্রোহীরা সংগঠিত হয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলো। আর গাদ্দাফিকে হটাতে আক্রমণ চালাচ্ছে ন্যাটো বাহিনীও। গাদ্দাফি ধরা পড়লে যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের মুখোমুখিও হতে হবে। গণজাগরণে এ বছরই লিবিয়ার পাশের দেশ মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারকও ক্ষমতাচ্যুত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০৩০ ঘ.