জুবা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñদক্ষিণ সুদানে গবাদি পশু নিয়ে আদিবাসীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫৮ জন নিহত হয়েছে। শনিবার রাজধানী জুবায় জাতিসংঘের এক মুখপাত্র একথা জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার মুরলে ও লৌ নুয়ের আদিবাসীদের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষে এক এলাকায় প্রায় ২৮ জন এবং আরেক এলাকায় ৩০ জনের প্রাণহানি হয়েছে। বেশ কিছু পোড়া কুঁড়ে ঘরও দেখা গেছে।
আরো কয়েকটি এলাকায় সংঘর্ষ হয়েছে বলেও জানান তিনি ।
জুলাইয়ে জাতিসংঘ প্রকাশিত তথ্যানুসারে, এ বছর শুরু থেকে জুন পর্যন্ত ৩শ'৩০টি সহিংসতার ঘটনায় দক্ষিণ সুদানে অন্তত ২ হাজার ৩শ' ৬৮ জনের প্রাণহানি হয়েছে।
সুদানের আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে প্রায়ই সহিংসতা হয়।
সদ্য স্বাধীন রাষ্ট্র দক্ষিণ সুদান সহিংসতা এবং আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যেকার রক্তক্ষয়ী বিবাদ নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন।
সুদান প্রতিদ্বন্দ্বী আদিবাসী গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করার মধ্য দিয়ে সহিংসতা উস্কে দিয়ে ক্ষতি করা এবং তেল নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে বলে দক্ষিণ সুদান সরকার অভিযোগ করে আসছে।
তবে খার্তুম এ অভিযোগ অস্বীকার করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৪১ঘ.
bdnews24