মুম্বাই/দুবাই, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২১ জন ভারতীয় নাবিকসহ রাসায়নিক ও তেলবাহী একটি জাহাজ ছিনতাই করেছে সোমালি জলদস্যুরা।
শনিবার ওমানের একটি বন্দর থেকে জাহাজটি ছিনতাই হয়।
ভারতের শিপিং এজেন্সির মহাপরিচালক বলেছেন, মুম্বাইভিত্তিক অ্যাংলো-ইস্টার্ন শিপ ম্যানেজমেন্টের এম ভি ফেয়ারচেম বোজি নামের একটি জাহাজ ওমানের সালালাহ বন্দরে নোঙর করা অবস্থায় ছিনতাই হয়েছে।
সালালাহভিত্তিক শিপিং সংস্থার এক কর্মকর্তা জানান, জাহাজটিতে মিথানল উঠানোর সময় সেটি ছিনতাই হয়।
তবে সালালাহ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালের পক্ষ থেকে বলা হয়েছে, ওমান ঊপকূলের দুই মাইল দূর থেকে জলদস্যুরা জাহাজটি ছিনতাই করে এবং জাহাজটি নিয়ে তারা সোমালিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে।
এপিএম টার্মিনালের বর্হিপ্রচার বিভাগের পরিচালক টম বোইড রয়টার্সকে জানান, জাহাজের নাবিকদের কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
জাহাজটি মুক্ত করতে ওমান সরকারের পক্ষ থেকে সোমালি জলদস্যুদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, "ওমানি কর্তৃপক্ষ জলদস্যুদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। ওমানের সুলতানের প্রাসাদে সকালে এ বিষয় নিয়ে সরকারি কর্মকর্তারা বৈঠক করেছেন। সকাল সাড়ে ৮টার দিকে জাহাজটির সোমালিয়ার দিকে যাত্রা শুরু হয়।"
সোমলি জলদস্যুরা সাধারণত ভারত মহাসাগরে এ ধরনের ছিনতাই করে। তবে গত জানুয়ারিতে সালালাহ বন্দর থেকে ১৫০ মাইল দক্ষিণ-পূর্ব থেকে আলজেরিয়ার পতাকাবাহী একটি জাহাজ ছিনতাই করে তারা।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২৩৫০ ঘ.
bdnews24