সিউল, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইল শনিবার রাশিয়ায় পৌঁছেছেন।
বিশেষ একটি ট্রেনে করে তিনি দেশটির পূর্বাঞ্চলীয় খাসান শহরে পৌঁছান বলে দক্ষিণ কোরিয়ার সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির ইয়োনহাপ সংবাদ সংস্থা জানিয়েছে।
২০০২ সালের পর এবারই দেশটিতে প্রথমবারের মতো সফরে গেলেন তিনি।
সংবাদ সংস্থাটি জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সাথে উলান উদে শহরে মঙ্গলবার কিমের এক বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিম আগামী এক সপ্তাহ রাশিয়ায় থাকবেন বলেও আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দেশটি মারাত্মক অর্থনৈতিক সংকটে ভুগছে। আর এ কারণে দেশটি আর্থিক সহায়তা পেতে মরিয়া হয়ে উঠেছে।
গোপন পারমাণবিক কর্মসূচি পরিচালনার জন্য উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
গত এক বছরের মধ্যে তিন দফা চীন ভ্রমণ করেছেন উত্তর কোরীয় নেতা কিম। এরই ধারাবাহিকতায় তার রাশিয়া সফর বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩২৮ ঘ.
bdnews24