ঝুকোভস্কি, রাশিয়া, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কক্ষপথে হোটেল, চাঁদনী আবহে বিমান ভ্রমণ, বিশ্বব্রহ্মান্ডে অভিজাত রাইড- এসব কিছুই আছে রাশিয়ার মহাকাশ হোটেল পরিকল্পনায়।
উদীয়মান মহাকাশ পর্যটন শিল্পে রাশিয়া যে পিছিয়ে নেই তা প্রমাণ করতেই এ উদ্যোগ।
এ সপ্তাহে ঝুকোভস্কিতে অনুষ্ঠিত দেশের প্রধান বিমান প্রদর্শনীতে রাশিয়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলো এ পরিকল্পনার কথা জানিয়েছে। তারা বলেছে, এপ্রিলে নাসার স্পেস শাটল প্রকল্প শেষ হওয়ার পর এখন প্রতিযোগিতা হচ্ছে মহাকাশে মানুষ পাঠানোর জন্য নতুন নভোযান তৈরি করার।
আরকেকে এনার্জিয়া নামক একটি কোম্পানি ২০১৬ সালের মধ্যে কক্ষপথে ৭ জন অতিথির জন্য এককক্ষ বিশিষ্ট একটি হোটেল চালুর পরিকল্পনার কথা জানিয়েছে।
ওই কোম্পানিটি মহাকাশে শাটল বিকল্প ও কক্ষপথের প্রযুক্তিগত দিক নিয়ে পরিকল্পনা প্রকাশ করে থাকে।
তাদের অন্যান্য পরিকল্পনার মধ্যে রয়েছে চাঁদের অন্ধকারাচ্ছন্ন অংশে ভ্রমণ ও ২০৩০ সালের মধ্যে পর্যটকদের মঙ্গলে পাঠানো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৪ঘ.
bdnews24