কাবুল, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের রাজধানী কাবুলে ব্রিটিশ কাউন্সিল কার্যালয়ে এক আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ৯ জন নিহত হয়েছে।
কাবুল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান মোহাম্মদ জহির বলেন, "আফগান ন্যাশনাল পুলিশের ৮ জন সদস্য এবং একজন বিদেশি সেনা নিহত হয়েছে।"
তবে বিদেশি এই সেনার জাতীয়তা সম্পর্কে নিশ্চিত কিছু জানাতে পারেননি জহির।
শুক্রবার সকালে এই হামলা চালানো হয়। আফগান তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। তালেবানের পক্ষ থেকে এই হামলাকে ১৯১৯ সালে ব্রিটিশদের কাছ থেকে আফগানিস্তানের স্বাধীনতা অর্জনের বার্ষিকী উদযাপন বলে দাবি করা হয়।
আফগানিস্তানে নিযুক্ত বিবিসির একজন প্রতিবেদক জানান, এখনো হামলা ও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, "আফগানিস্তানে ব্রিটিশ কাউন্সিল কম্পাউন্ডে হামলা চালানোর বিষয়টি আমরা নিশ্চিত করছি।"
এরআগে খবর পাওয়া যায়, আফগানিস্তানে ব্রিটিশ কাউন্সিল ও জাতিসংঘ কার্যালয়ের নিকটবর্তী ভবনে বোমা হামলা চালিয়েছে তালেবান।
আফগানিস্তানে নিযুক্ত সামরিক জোট ন্যাটোর মুখপাত্র মেজর জেসন ওয়াগনার ব্রিটিশ কাউন্সিলের কাছাকাছি দুটো বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন।
অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেন, "আমরা ব্রিটিশ কাউন্সিল ও জাতিসংঘকে লক্ষ করে হামলা চালিয়েছি।"
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানায়, একটি উচ্চ বিদ্যালয়ের কাছাকাছি তৃতীয় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আফগান গোয়েন্দা পুলিশ জানিয়েছে, কাবুলে জাতিসংঘ কার্যালয়ের কাছাকাছি আফগান নিরাপত্তা বাহিনীর সাথে জঙ্গিদের গোলাগুলি হয়েছে। স্থানটি ব্রিটিশ কাউন্সিলের কাছেই।
ব্রিটিশ কাউন্সিল যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত প্রকৃতপক্ষে একটি সাংস্কৃতিক সংস্থা। কাবুলের কূটনৈতিক অঞ্চলে যুক্তরাজ্য দূতাবাসের অংশ নয় এটি।
এ সম্পর্কে জাতিসংঘের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায় নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪৪ ঘ.
bdnews24