ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার দির আল জোর ও লাটাকিয়ার প্রধান এলাকাগুলো থেকে সেনা ও নিরাপত্তা বাহিনী সরে যেতে শুরু করেছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রিয় সংবাদ সংস্থা এসএএনএ।
সরকারবিরোধী বিক্ষোভ দমনাভিযানে বহুসংখ্যক মানুষের মৃত্যুর পর সেনাবাহিনীর গাড়িবহর, সাঁজোয়া যানগুলো শহর ছেড়ে চলে যেতে শুরু করেছে।
এসএএনএ'র এক প্রতিবেদন সূত্রে আল জাজিরা জানায়, সেনা বহরের গাড়িগুলোকে দির আর জোর শহর ছেড়ে যেতে দেখা গেছে।
সিরিয়ার সরকার আয়োজিত এক সফরে মঙ্গলবার দির আল জোর শহরে গিয়ে সাংবাদিকরা দেখতে পায়, সাঁজোয়া যান ও অন্যান্য সামরিক যান শহরটি ছেড়ে চলে যাচ্ছে।
সাংবাদিকদের ধারণকৃত ভিডিও চিত্রে দেখা যায়, সেনারা চলে যাওয়ায় স্থানীয় লোকজন জমায়েত হয়ে শ্লোগান দিচ্ছে এবং আনন্দোল্লাস করছে।
কিন্তু এর কয়েক ঘন্টা পরই মানবাধিকার সংগঠন 'সিরিয়ান অভজারভেটরি অব হিউম্যান রাইটস' জানায়, দির আল জোর শহরের তাকায়া সড়ক ধরে "কয়েকশ লোকের" সরকার বিরোধী একটি মিছিল যাওয়ার সময় সরকারি বাহিনীর গুলিতে একজন নিহত হয়েছে।
শহরটির বাসিন্দারা জানায়, শহরের উপকন্ঠে এখনও ট্যাংক মোতায়েন আছে, আর ভিন্নমতাবলম্বীদের খোঁজে সেনারা শহরের বাড়িতে বাড়িতে তল্লাশি চালাচ্ছে।
গত বুধবার থেকে সেনারা দির আল জোরের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর থেকে এ পর্যন্ত ৩২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।
এরআগে, সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সরকারী বাহিনী লাটাকিয়া শহরের আল রামেল আর জানউবি এলাকায় অভিযান শেষ করেছে।
লাটাকিয়ায় চারদিন ধরে সরকারী বাহিনীর দমনাভিযানে কমপক্ষে ৩৬ জন মানুষ নিহত হয় বলে জানায় আন্দোলনকারীরা।
সিরিয়ার সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান আল আলী জানান, "আল জানউবির পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সেখানকার বাসিন্দারা স্বাভাবিকভাবে তাদের দৈনন্দিন কাজকর্ম শুরু করেছে।"
সংবাদ সংগ্রহের ওপর বিধিনিষেধ থাকায় সিরিয়ার রাষ্ট্রিয় মাধ্যমের সংবাদগুলো নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল জাজিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭১৪ঘ.
bdnews24