২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে

লিবিয়ায় যুদ্ধ পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নেতা মুয়াম্মার গাদ্দাফির সামনে এখন দুটি পথই খোলা, হয় লড়ে যাওয়া নয়তো আলোচনার মধ্য দিয়ে ক্ষমতা ছাড়ার পথ খোঁজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 03:38 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

আলজিয়ারস, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় যুদ্ধ পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নেতা মুয়াম্মার গাদ্দাফির সামনে এখন দুটি পথই খোলা, হয় লড়ে যাওয়া নয়তো আলোচনার মধ্য দিয়ে ক্ষমতা ছাড়ার পথ খোঁজা। ন্যাটো বিমানের সহায়তায় গত ৪৮ ঘন্টায় গাদ্দাফির ঘাঁটি ত্রিপোলির আশেপাশের গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে নিয়েছে বিদ্রোহীরা। তাদের নাটকীয় এ অগ্রযাত্রায় ত্রিপোলিতে খাদ্য ও জ্বালনি সরবরাহ রুট বন্ধ হয়ে গেছে। বিদ্রোহীরা আক্রমণ চালিয়ে যাচ্ছে। এর আগে তাদের পিছু হটতে হয়েছিলো। কিন্তু এবার তারা শহরগুলোর দখল ধরে রাখতে পারলে আগের যে কোন সময়ের চেয়ে এখনই গাদ্দাফির ৪১ বছরের শাসন অবসানের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, লড়াইয়ে লিবিয়ার সরকারি বাহিনী রোববার প্রথম বারের মতো স্কাড ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সামরিক দিক থেকে এর কোনো বিশেষত্ব না থাকলেও এর মধ্য দিয়ে এ আভাসই পাওয়া যাচ্ছে যে, গাদ্দাফিপন্থি বাহিনী শেষরক্ষায় মরিয়া হয়ে উঠেছে। সরকারি বাহিনীর ছোড়া স্কাড ক্ষেপণাস্ত্রটি মরুভূমিতে গিয়ে পড়েছে এবং এতে কেউ হতাহত হয়নি বলে জানান ওই কর্মকর্তা। কোন লক্ষ্যস্থলের উদ্দেশ্যে এটি নিক্ষেপ করা হয়েছে তা নিশ্চিত জানা যায় নি। 'ইউরোপীয়ান কাউন্সিল ফর ফরেইন রিলেশনস' এর এক ফেলো ডেনিয়েল করস্কি বলেছেন, "লিবিয়া সম্রাজ্য দ্রুত ভেঙে পড়তে পারে আবার নাও পড়তে পারে। কিন্তু এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে যে কোনো মুহূর্তেই তা ভেঙে পড়বে।" বিদ্রোহীদের মুখপাত্র আব্দুল রাহমান টেলিফোনে রয়টার্সকে জানান, "গারিয়ান সম্পূর্ণভাবে এখন বিদ্রোহীদের দখলে। গাদ্দাফি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, বহির্বিশ্বের সাথে তার সব যোগাযোগ বন্ধ হয়ে গেছে।" তবে লিবিয়ার সরকারি টেলিভিশনে গাদ্দাফি সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম এখনো বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অটল অবস্থান ব্যক্ত করেছেন। উত্তর আফ্রিকা এং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক ডেভিড হার্টওয়েল বলছেন, বিদ্রোহীরা ত্রিপোলিকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়ার লক্ষ্য নিয়েই এগুচ্ছে। তার মতে, এ লক্ষ্যে বিদ্রোহীরা সফল হলে ত্রিপালিতে গাদ্দাফির নিরাপত্তা বাহিনী রসদ শূন্য হয়ে পড়ে নিজেদের বাঁচাতে অস্ত্র সমর্পণ করতে পারে কিংবা বিদ্রোহীদের সঙ্গে যোগ দিতে পারে। আর তৃতীয়ত, আলোচনার মধ্য দিয়ে ক্ষমতা ছেড়ে নির্বাসনে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হওয়ার সিদ্ধান্ত পারেন গাদ্দাফি। কিন্তু গাদ্দাফি লড়াইয়ে পরাজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্তের পথে পা বাড়াবেন না- এমন কথাই বলছেন তার ঘনিষ্ঠজনরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/বিসিএস/২১২৫ঘ.