২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর বাড়ানোর আহ্বান জানালেন শীর্ষধনী ওয়ারেন বাফেট

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ওয়ারেন বাফেট যুক্তরাষ্ট্রের ধনীদের সম্পদের ওপর উচ্চ করারোপের আহ্বান জানিয়েছেন। বিশ্বের শীর্ষ তিন ধনীর অন্যতম বাফেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 11:47 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

নিউ ইয়র্ক, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ওয়ারেন বাফেট যুক্তরাষ্ট্রের ধনীদের সম্পদের ওপর উচ্চ করারোপের আহ্বান জানিয়েছেন। বিশ্বের শীর্ষ তিন ধনীর অন্যতম বাফেট। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত নিজের লেখা এক নিবন্ধে ওয়ারেন বাফেট এ আহ্বান জানান। বাজেট ঘাটতি কমাতে ধনীদের আরো সহায়তা করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। "আমি ও আমার বন্ধুরা দীর্ঘদিন ধরে একটি কোটিপতি-বান্ধব কংগ্রেসের প্রশ্রয় পেয়ে আসছি। এখন ত্যাগ স্বীকারে সবার অংশগ্রহণের বিষয়ে আমাদের সরকারের সচেতন হওয়ার সময় এসেছে," নিজের লেখা প্রবন্ধে বলেন ৮০ বছর বয়সী বাফেট। বাফেটের এ আহ্বান নতুন নয়। গত নভেম্বরেও বাফেট এবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ধনীদের ওপর কর বাড়ানোর সুপারিশ করেছিলেন। এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাজেট ঘাটতি হ্রাস এবং ঋণসীমা বাড়ানো নিয়ে কয়েক সপ্তাহের অচলাবস্থার পর আইন পাশ এবং যুক্তরাষ্ট্র সরকারের ঋণসূচকের অবনমন ঘটায় বাফেট আবারো নতুন করে এ আহ্বান জানালেন। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা এ বছর জাতীয় বাজেট ঘাটতি কমানো এবং দেনার দায় কমিয়ে আনার উপায় বের করতে দীর্ঘ তিক্ত বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। কর বাড়ানোর নিয়েও তাদের মধ্যে ব্যাপক বিতর্ক হয়। কংগ্রেসে বাজেট পরিকল্পনায় ধনীক শ্রেণীর ওপর কর বাড়াতে প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডেমক্র্যাট পার্টির যে কোন পদক্ষেপেরই তীব্র বিরোধীতা করে রিপাবলিকান পার্টি। ধনীদের ওপর কর বাড়ালে বিনিয়োগ কমে বেকারত্ব বেড়ে যেতে পারে বলে যুক্তি দেয় রিপাবলিকানরা। ফলে কর বাড়িয়ে নয় বরং ব্যয় কমিয়ে বাজেট ঘাটতি ও দেনা দায় মেটানোর দাবি জানায় তারা। কংগ্রেসে রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের সাথে সমঝোতা করতে বাধ্য হয় ওবামা ও তার ডোমক্র্যাটিক পার্টি। যুক্তরাষ্ট্রের আগামী ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান ইস্যু হয়ে উঠবে 'কর'। বাফেট নিজের নিবন্ধের মাধ্যমে চলমান এ জাতীয় বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থান নিলেন। উচ্চ করের কারণে কোনো ধনী বিনিয়োগ থেকে সরে এসেছে এমন তার জানা নেই বলে উল্লেখ করেন বাফেট। নিবন্ধে তিনি লেখেন, "দরিদ্র ও মধ্যবিত্তরা যখন আফগানিস্তানে আমাদের জন্য লড়াই করছে, দেশের অধিকাংশ নাগরিক যখন নিজের প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে, তখন আমরা অতি-ধনীরা কর রেয়াত পেয়েই চলেছি।" "আরো বেশি কর দিতে বললে আমার মতো অধিকাংশ ধনীই কিছু মনে করবে না, কারণ দেশের অধিকাংশ মানুষই সংকটে আছে," লেখেন বাফেট। তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের ধনীরা যে কোন সময়ের চেয়েও এখন বেশি ধনী, তাই অতিরিক্ত কর দেওয়া তাদের দায়িত্ব।" বাফেটের কথার প্রতিক্রিয়ায় মিনেসোটায় প্রেসিডেন্ট ওবামা বলেছেন, তার (বাফেট) কথায় আবারও প্রমাণ হলো মধ্যবিত্ত শ্রেণীর ওপর আর করের বোঝা না চাপিয়ে কর বাড়ানোর অন্য উপায় কংগ্রেসকে খুঁজে বের করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭৪৫ঘ.