২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপোলি ঘিরে ফেলার দাবি লিবিয়ার বিদ্রোহীদের

ত্রিপোলির পার্শ্ববর্তী একটি শহর লিবিয়ার বিদ্রোহীরা দখলে নিয়েছে। কৌশলগত কারণে এই শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে রাজধানীকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 09:32 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

জাবিয়া, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ত্রিপোলির পার্শ্ববর্তী একটি শহর লিবিয়ার বিদ্রোহীরা দখলে নিয়েছে। কৌশলগত কারণে এই শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে রাজধানীকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা। এদিকে, যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে গাদ্দাফি অনুগত বাহিনী 'স্কাড' ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিদ্রোহীরা মঙ্গলবার জানায়, ত্রিপোলির দক্ষিণের গারিয়ান শহর সোমবার তারা দখল করে নিয়েছে। বিদ্রোহীদের এই দাবি সত্য হলে লিবিয়ার রাজধানী শহরটি চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়বে। এতে ত্রিপোলির সাথে লিবিয়ার অন্যান্য সব অঞ্চলের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। বিদ্রোহীদের এক মুখপাত্র আব্দুল রাহমান টেলিফোনে রয়টার্সকে জানান, "গারিয়ান সম্পূর্ণভাবে এখন বিদ্রোহীদের দখলে। গাদ্দাফি বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বহির্বিশ্বের সাথে তার সব যোগাযোগ বন্ধ হয়ে গেছে।" লিবিয়ার সরকারি টেলিভিশনে গাদ্দাফি সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম গারিয়ান শহরে বিদ্রোহীদের অবস্থানের কথা স্বীকার করেছেন। তার ভাষায়, 'ওই সশস্ত্র সন্ত্রাসীদের (বিদ্রোহীদের) তাড়িয়ে দেওয়ার ক্ষমতা সরকারের আছে।' সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা অভিযোগ করেছেন, গাদ্দাফি অনুগত বাহিনী একটি স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গাদ্দাফিবিরোধী গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম গাদ্দাফি অনুগত বাহিনী স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো বলে জানান ওই কর্মকর্তা। তবে ক্ষেপণাস্ত্রটি মরুভূমিতে গিয়ে পড়ে এবং এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি। কোন লক্ষ্যস্থলের উদ্দেশ্যে স্কাডটি নিক্ষেপ করা হয়েছে সেটি নিশ্চিত জানা যায় নি বলে জানিয়েছেন তিনি। ওদিকে, জাতিসংঘের দূত আবদেল ইলা আল খতিব তিউনিসিয়ার পৌঁছেছেন। তিনি জানিয়েছেন, লিবিয়ার সহিংসতা নিয়ে "লিবিয়ার নেতৃবৃন্দের" সাথে আলোচনার জন্য তিনি সেখানে গিয়েছেন। তিউনিসিয়ার একটি দ্বীপে গাদ্দাফি সরকারের প্রতিনিধিদের সাথে বিদ্রোহীদের আলোচনা চলছে বলে এর আগে সংবাদ প্রকাশ হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫৩০ ঘ.