বেইজিং, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-চীনের উত্তরপূর্বাঞ্চলে একটি পেট্রোকেমিক্যাল কারখানা সরিয়ে নেওয়ার দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।
লিয়াওলিং প্রদেশের দালিয়ান বন্দর শহরে বিক্ষোভ মিছিল করে জনতা। এ সময় দালিয়ান নগর ভবনের সামনে দাঙ্গা পুলিশ মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি হয়।
তবে কেউ আহত হয়নি বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
সিনহুয়া জানায়, গত সোমবার চীনের উত্তরপূর্বাঞ্চলীয় উপকূলে ঘূর্ণিঝড়ে কারখানাটিকে ঘিরে থাকা একটি বাঁধ ঢেউয়ের ধাক্কায় ভেঙে যাওয়ায় সেখান স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়।
কারখানাটিতে পলিস্টার তৈরীতে ব্যবহৃত বিষাক্ত প্যারাক্সিলিন (পিএক্স) তৈরী করা হয়।
কোন প্রাকৃতিক দূর্যোগে কারাখানাটি ক্ষতিগস্ত হলে বিষাক্ত প্যারাক্সিলিন আশেপাশে ছড়িয়ে পড়ে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করবে বলে বাসিন্দারা আতঙ্কিত।
ক্ষতিগ্রস্ত বাঁধটি মেরামত করা হয়েছে এবং কারাখানাটি থেকে কোন বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৫৭ঘ.
bdnews24