ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৬ তম অধিবেশনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানাবে ফিলিস্তিন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ওই অধিবেশনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আবেদনটি উত্থাপন করবেন।
ফিলিস্তিন কর্তৃপক্ষ বলেছে, ইসরায়েলের সঙ্গে স্থগিত থাকা শান্তি আলোচনা আবার শুরু এবং তার মাধ্যমে স্বাধীনতার স্বীকৃতির জন্য আর অপেক্ষা করা যায় না।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালকি বলেছেন, "অধিবেশন শুরু হলে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে ওই আবেদন তুলে ধরবেন মাহমুদ আব্বাস।
"আব্বাস এ ঐতিহাসিক পদক্ষেপ নেওয়ার জন্য তাগাদা দেবেন এবং বান কি মুন আবেদনটি নিরাপত্তা পরিষদে উত্থাপন করবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/১৩৩৪ ঘ.
bdnews24