২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে মঞ্চ ভেঙে ৪ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে একটি মঞ্চ ভেঙে অন্তত চারজন নিহত ও ৪০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2011, 07:05 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ইন্ডিয়ানা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে একটি মঞ্চ ভেঙে অন্তত চারজন নিহত ও ৪০ জন আহত হয়েছে। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের রাজধানী ইন্ডিয়ানাপোলিশে মেলায় কনসার্টের জন্য মঞ্চটি বানানো হয়েছিলো। শনিবার রাতে বিখ্যাত ব্যান্ড দল সুগারল্যান্ড মঞ্চে উঠার আগে ঝড়ো হাওয়ার কারণে সেটি ভেঙে পড়ে। ইন্ডিয়ানাপোলিশের জননিরাপত্তা বিভাগ এক টুইটে বলেছে, চারজন নিহত হয়েছে এবং ৪০ জনকে স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মঞ্চের ধ্বংসাবশেষের নিচে অনেকে আটকা পড়ে বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিয়ানাপোলিশের স্টার পত্রিকা জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টায় ওই দুর্ঘটনা ঘটে। তখন ওই এলাকায় ঘণ্টায় ৬০ মাইলের বেশি বেগে ঝড়ো হাওয়া বইছিলো। মঞ্চের সামনে থেকে প্রায় ১২ হাজার দর্শককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সুগারল্যান্ড ব্যান্ড দল এক টুইটে বলেছে, "আমরা সবাই ঠিক আছি। আমরা ভক্তদের ও ইন্ডিয়ানার মানুষের জন্য প্রার্থনা করছি। আশা করি, আপনারা আবার আমাদের সঙ্গে যোগ দেবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১২২৪ ঘ.