আম্মান, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/রয়টার্স)- সিরিয়ায় নতুন করে নিরাপত্তা বাহিনীর দমনাভিযানে শুক্রবার ১৩ বিক্ষোভকারী নিহত হয়েছে। দেশজুড়ে বিক্ষোভে বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি ও ট্যাংক হামলা চালিয়েছে সেনারা।
দির আল-জোর শহরের স্থানীয় বিভিন্ন সমন্বয় কমিটির কর্মীরা জানিয়েছে, রাজধানী দামেস্কর সাকবা ও দুমা শহরতলীতে বিক্ষোভে নিহত হয়েছে ৬ জন। অ্যালেপ্পোয় ২ বিক্ষোভকারী নিহত হয়েছে। তুর্কি সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে নিহত হয়েছে আরো ২ বিক্ষোভকারী।
হামায় ২ বিক্ষোভকারী নিহত হওয়ার খবর জানিয়েছে অধিবাসীরা। অন্যদিকে, দির আল-জোর শহরে প্রধান মসজিদের বাইরে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে একজন।
বৃহস্পতিবার হোমস শহরে দমনাভিযানের পর শুক্রবার দেশের উত্তর ও পূর্বাঞ্চলে ফের দমনাভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।
পূর্বের দির আল-জোর এবং উত্তরের খান শেখুন শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি ও ট্যাংক হামলা চালায় সেনারা।
দির আল-জোর, ইদলিব ও দেরা শহরে শুক্রবার জুম্মার নামাজের পর বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী।
হামা শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি চলেছে। ওদিকে, খান শেখুনে ভোরের দিকে ট্যাংক ও সাঁজোয় যান নিয়ে হামলা করেছে সেনারা।
গত ২৪ ঘণ্টায় সরকারবিরোধী বিক্ষোভ দমনাভিযানে নিহতের সংখ্যা ২০ পেরিয়েছে।
আল আরবিয়া টেলিভিশন জানায়, শুক্রবার মধ্যাঞ্চলের হোমস ও পশ্চিমাঞ্চলের লাতাকিয়া শহরেরও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী বিক্ষোভ হয়েছে।
এর আগে লেবাননের সীমান্তের কাছে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ জন নিহত হয়।
সিরিয়ার সরকার বিরোধী আন্দোলনকারীদের দমনপীড়নের পরিপ্রেক্ষিতে বুধবার দেশটির প্রধান বাণিজ্যিক ব্যাংক ও মোবাইল ফোন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে আরো নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারিও দেয় তারা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সর্বশেষ সিরিয়ায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানোর পর শুক্রবার ফের দমনাভিযান চললো।
এর আগে বৃহস্পতিবার হোমস শহরে দমনাভিযানে অন্তত ২৪ জন নিহত হয় বলে মানবাধিকার কর্মীরা দাবি করেছে।
এছাড়া রাজধানী দামেস্ক'র উত্তরাঞ্চলীয় শহর কাসিরেও চলেছে অভিযান। শুক্রবার ফজরের নামাজের পর দেশজুড়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে।
চলতি বছরের মার্চে প্রেসিডেন্ট আসাদ পরিবারের ৪১ বছরের শাসনের বিরুদ্ধে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ কঠোরভাবে দমনের চেষ্টা চালাচ্ছে দেশটির সরকার।
এ পর্যন্ত সরকারি দমনাভিযানে ১ হাজার ৭শ' মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া হাজার হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/০০১৯ঘ.
bdnews24