বেনগাজি, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তেল সমৃদ্ধ শহর ব্রেগার কিছু অংশ বৃহস্পতিবার দখল করেছে লিবিয়ার বিদ্রোহীরা।
ওদিকে, পশ্চিমাঞ্চলে তারা জাউইয়ার দিকে অগ্রসর হয়ে রাজধানী ত্রিপোলির কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে।
বিদ্রোহীদের মুখপাত্র মোসা মাহমুদ আল মোগ্রাবি জানান, ব্রেগার আবাসিক এলাকাগুলো বিদ্রোহীদেও দখলে এসেছে। তবে শহরের পশ্চিমাঞ্চল এখনও গাদ্দাফি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ওই অঞ্চলেই তেল স্থাপনাগুলো অবস্থিত।
ব্রেগার পূর্বাঞ্চল থেকে মোগ্রাবি বলেন, "এ অঞ্চল মুক্ত। এ এলাকা এখন আমাদের নিয়ন্ত্রণে।"
তবে ব্রেগার আবাসিক এলাকা দখলের এ দাবির নিরপেক্ষতা যাচাই সম্ভব হয়নি। বিদ্রোহীরা একইসঙ্গে প্রায়ই একেকটা শহর দখলের দাবি জানিয়ে থাকে বলে জানায় রয়টার্স।
প্রায় পাঁচ মাস ধরে চলা ন্যাটোর বিমান হামলা, কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বিদ্রোহীদের সঙ্গে ক্রমবর্ধমান লড়াইয়ের পরও ক্ষমতা আঁকড়ে ধরে আছেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি।
গাদ্দাফির ৪১ বছরের শাসন অবসান দাবিকারী বিদ্রোহীরা লিবিয়ার একটি অংশ নিয়ন্ত্রণে নিয়েছে।
কিন্তু নিজেদের মধ্যে মত পার্থক্য ও অভিজ্ঞতার অভাবে তাদের অগ্রগতি কমে এসেছে।
তবে বৃহস্পতিবার ব্রেগার কিছু অংশ নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়ে কয়েক সপ্তাহের অচলাবস্থার অবসান ঘটানোরই ইঙ্গিত দিলো বিদ্রোহীরা ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৫৮ঘ.
bdnews24