২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিন লাদেন চলচ্চিত্র নিয়ে তদন্ত আহ্বান

আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যা অভিযান নিয়ে পেণ্টাগনের সহযোগিতায় নির্মিতব্য চলচ্চিত্রের জন্য হোয়াইট হাউসের গোপন তথ্য ফাঁসের খবর খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন উর্ধ্বতন এক রিপাবলিকান সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2011, 11:03 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ওয়াশিংটন, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যা অভিযান নিয়ে পেণ্টাগনের সহযোগিতায় নির্মিতব্য চলচ্চিত্রের জন্য হোয়াইট হাউসের গোপন তথ্য ফাঁসের খবর খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন উর্ধ্বতন এক রিপাবলিকান সদস্য। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান পিটার কিং মঙ্গলবার ওবামা প্রশাসনের সঙ্গে হলিউডের চলচ্চিত্র নির্মাতাদের যোগশাজসের বিষয়টি তদন্ত করে দেখা আহ্বান জানান। 'বিশেষ অভিযান' পদ্ধতি অন্যের সঙ্গে আলোচনা করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তবে ওবামা প্রশাসন চলচ্চিত্র নির্মাতাদের কাছে গোপন তথ্য ফাঁসের অভিযোগ বুধবার নাকচ করেছে। এর আগে দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিলো চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে শীর্ষ পর্যায়ের আঁতাত আছে। কিন্তু হোয়াইট হাউস এ খবরকে উদ্ভট বলে উড়িয়ে দিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেছেন, তারা গোপন তথ্য নিয়ে কোনো আলোচনা করেন নি। বরং সন্ত্রাসের হুমকির মুখে মামুলি চলচ্চিত্রের চেয়ে হোয়াইট হাউসের আরো অনেক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করার আছে বলে জানান তিনি। চলচ্চিত্রটিতে লাদেন হত্যা অভিযানকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে তুলে ধরা হবে। ২০১২ সালের অক্টোবরে মুক্তি পাবে এ চলচ্চিত্র। পেন্টাগনের মুখপাত্র মার্কিন মেরিন কোরের কর্নেল ডেভ লাপান জানান, ছবিটি তৈরি করবেন ক্যাথরিন বিগেলো এবং স্ক্রিপ্ট লিখবেন মার্ক বোয়াল। প্রতিরক্ষা মন্ত্রণালয় লাদেন হত্যা অভিযান বিষয়ক ওই চলচ্চিত্রটি নির্মাণে সহযোগিতা করছে বলেও জানান তিনি । এ দুই নির্মাতা ইরাক যুদ্ধের ওপর নির্মিত অস্কার জয়ী 'দ্য হার্ট লকার' চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন। এ বছর মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে বিশেষ অভিযান চালিয়ে আল কায়েদা এ নেতাকে হত্যার আগে থেকেই তার উপর চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন এ দুই নির্মাতা। এক বিবৃতিতে তারা জানান, চলচ্চিত্রটিতে বিল ক্লিনটন ও জর্জ বুশ প্রশাসনসহ বিন লাদেনকে ধরার অভিযান চালানো যুক্তরাষ্ট্রের তিনটি প্রশাসনকে তুলে ধরা হবে। যৌথ বিবৃতিতে বিগেলো ও বোয়াল বলেন, "এটা যুক্তরাষ্ট্রের জন্য বীরোচিত ও নির্দলীয় বিজয়। আমাদের চলচ্চিত্রে এ বিজয় ভিন্ন অন্য কিছু তুলে ধরার প্রশ্নই আসে না।" যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক মাসেরও কম সময় আগে চলচ্চিত্রটি মুক্তি পাবে। ওই নির্বাচনে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হওয়ার প্রত্যাশা করছেন ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭০০ঘ.