২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেশোয়ারে বোমা হামলায় নিহত ৭

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে পরপর পৃথক দুটি বোমা হামলায় এক শিশু ও দুই নারীসহ ৭ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2011, 09:35 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

পেশোয়ার, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে পরপর পৃথক দুটি বোমা হামলায় এক শিশু ও দুই নারীসহ ৭ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার এ বোমা হামলা ও হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তান পুলিশ। বোরখা পরিহিত এক নারীর আত্মঘাতী বোমা হামলায় ৬০ বছরের এক বৃদ্ধা নিহত ও এক পুলিশ সদস্য আহত হন। পেশোয়ারে পুলিশের একটি তল্লাশি চৌকির কাছে ঘটনাটি ঘটে। এর মাত্র এক ঘণ্টা আগে ওই তল্লাশি চৌকির কয়েকগজ দূরে একটি দূরনিয়ন্ত্রিত বোমা বিস্ফোরিত হয়। এতে একটি পুলিশ ভ্যান বিধ্বস্ত হয়ে ৫ পুলিশ ও এক শিশু নিহত হয়। হামলায় ১৪ জন আহত হয়। বিস্ফোরিত বোমাটি একটি ভ্যানে রাখা ছিল। পুলিশের ভ্যান ওই ভ্যানটির পাশ দিয়ে যাওয়ার সময় বোমা বিস্ফোরণ ঘটানো হয়। আত্মঘাতী নারী হামলাকারীর বয়স ২৫ বলে জানা গেছে। বোরখার নিচে একটি বিস্ফোরক ভর্তি জ্যাকেট পরে সে পেশোয়ারের কেন্দ্রস্থলে অবস্থিত পুলিশের ওই তল্লাশি চৌকির কাছে গিয়ে বোমার বিস্ফোরণ ঘটায় বলে জানান পুলিশ কর্মকর্তা তারেক ওমর। এ ঘটনায় নিহত বৃদ্ধা আত্মঘাতী হামলাকারীর সঙ্গী না পথচারী তা নিশ্চিত হওয়ার জন্য অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। পুলিশের ধারণা, একটি হামলার সঙ্গে অপর হামলার যোগসূত্র আছে। নারী আত্মঘাতী বোমা হামলা পাকিস্তানে বিরল। কিন্তু নারী আত্মঘাতী হামলাকারীদের তৎপরতা বেড়ে গেলে সমস্যায় পড়ে যাবে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীগুলো। রক্ষণশীল রাষ্ট্র পাকিস্তানে নারীদের তল্লাশির বিষয়টি নিরাপত্তা রক্ষীরা এড়িয়ে চলে। গত ডিসেম্বেরে, বোরখা পরিহিত এক আত্মঘাতীর হামলায় আফগান সীমান্তে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/এলকিউ/১৫৩১ ঘ.