২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাঙ্গাবাজদের দলে ভেড়েনি কোনো বাঙালি: রুশনারা

লন্ডনের এ যাবৎকালের ভয়াবহ দাঙ্গা আর লুটপাটের ঘটনায় কোনো বাঙালিই জড়িত ছিলো না বলে জানিয়েছেন বাংলাদেশ বংশোদ্ভূত যুক্তরাজ্যের এমপি রুশনারা আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2011, 04:26 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

লন্ডন, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডনের এ যাবৎকালের ভয়াবহ দাঙ্গা আর লুটপাটের ঘটনায় কোনো বাঙালিই জড়িত ছিলো না বলে জানিয়েছেন বাংলাদেশ বংশোদ্ভূত যুক্তরাজ্যের এমপি রুশনারা আলী। লন্ডনে দাঙ্গার চতুর্থ দিন মঙ্গলবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা বলেন। মঙ্গলবার সারাদিন পূর্ব লন্ডন চষে বেরিয়েছেন এমপি রুশনারা আলী ও টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান। দুই জনপ্রতিনিধিই পৃথকভাবে এলাকার মানুষের কাছে যান এবং তাদের খোঁজখবর নেন। তারা লুটতরাজ ও সন্ত্রাস মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। এদিন সকালে রুশনারা আলীর প্রথমেই পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন রোডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন। তিনি কথা বলেন রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ ও দোকানিদের সঙ্গে। এ সময় তার সাথে ছিলেন টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির কাউন্সিলর ও সদস্যরা। রুশনারা এরপর হোয়াইটচ্যাপেল রোডের দোকানগুলো পরিদর্শন করেন। খোঁজ খবর নেন এই দাঙ্গায় তারা কোনো ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন কিনা। সন্ধ্যার পর তিনি ব্রিকলেনের খাবারের দোকানগুলোতে গিয়ে খোঁজখবন নেন। সন্ধ্যায় টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির আয়োজনে ইফতার মাহফিলে বেথনাল গ্রিন বো আসনের পার্লামেন্ট সদস্য রুশনারার সঙ্গে ছিলেন পাশের আসনের সংসদ সদস্য জিম ফিটজপ্যাট্রিক। দুই এমপিই এই দুঃসময়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। রুশনারা আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বাঙালিরা সবসময়ই শান্তিপ্রিয়। আমাদের তরুণরা কখনোই উগ্রপন্থা গ্রহণ করেনি। আমি স্বস্তিবোধ করছি এই ভেবে যে গত কয়েকদিনে লন্ডনের অব্যাহত লুটপাট আর সন্ত্রাসী ঘটনার সঙ্গে একজনও বাঙালিও জড়িত নেই জেনে।" "আমরা যেমন নিজেদের সন্ত্রাস থেকে দূরে রাখবো তেমনি সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে একযোগে কাজ করে যাবো", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/সিআর/১০১৬ ঘ.