টোকিও, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানি প্রধানমন্ত্রী নাওতো কানের বিদায়ের ক্ষণ গণনা শুরু হয়েছে। অগাস্টের ভেতরই কান পদত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে।
পদত্যাগের প্রতিশ্র"তি রাখতে তিনটি শর্ত দিয়েছিলেন প্রধানমন্ত্রী কান। এর মধ্যে একটি শর্ত হচ্ছে, মার্চের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার সহায়তার জন্য তহবিল গঠনে অতিরিক্ত বাজেট অনুমোদন। কানের এ শর্তটি আগেই পূরণ হয়েছে।
এছাড়া সরকারকে এ বছরের ১ ট্রিলিয়ন ডলারের বাজেট তহবিল গঠনের জন্য ধারের অনুমতি ও সৌরশক্তি মতো নবায়নযোগ্য শক্তি উৎপাদানে সহায়তা সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ বিলকে আইনে পরিণত করতে চেয়েছিলেন তিনি। পার্লামেন্টের চলতি অধিবেশনে ৩১শে অগাস্টের আগেই তা আইনে পরিণত হতে যাচ্ছে।
তহবিল বিষয়ক বিলটি বুধবার পার্লামেন্টের নিুকক্ষের একটি কমিটি অনুমোদন করেছে। কানের দেওয়া সবগুলো শর্ত পূরণ হয়ে গেছে প্রায়। ফলে এ মাসের যে কোনো সময় তিনি পদত্যাগ করতে পারেন।
ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ২৮ অগাস্টের আগেই নতুন নেতা নির্বাচনের জন্য ভোট গ্রহণের পরিকল্পনা করছে বলে জাপানি গণমাধ্যমগুলো জানিয়েছে।
অর্থমন্ত্রী ইউশিহিকো নোদাকে এ পদে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। তবে কথা হচ্ছে, প্রধানমন্ত্রী পরিবর্তিত হলেই কি জাপানের রাজনৈতিক অচলাবস্থার জন্য মূলত দায়ী বিভক্ত পার্লামেন্ট সমস্যার সমাধান হবে?
পার্লামেন্টে উচ্চকক্ষ বিরোধী দলের নিয়ন্ত্রণে এবং তারা চাইলে যেকোনো আইন আটকে দিতে পারে।
তবে কানের বিদায়ের মাধ্যমে দু'দলের মধ্যে সহযোগিতা বাড়বে বলে প্রত্যাশা করছেন কয়েকজন বিশ্লেষক।
তারা জানান, কানের 'ফ্লিপ-ফ্লপ' নীতি ও রুক্ষ ব্যক্তিত্ব ক্ষমতাসীন ও বিরোধী দুই দলের আইনপ্রণেতাদের বিরক্তির কারণ হয়ে দেখা দেয়। তার বিদায়ই সহযোগিতার সম্পর্ককে মসৃণ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৬১৩ ঘ.
bdnews24