ডোভার বিমান ঘাঁটি, দিলাওয়্যার, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে তালেবান হামলায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩০ মার্কিন সেনার প্রতি সম্মান প্রদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
নিহত সেনাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ওবামা মঙ্গলবার দিলাওয়্যার অঙ্গরাজ্যের ডোভার বিমান ঘাঁটিতে উপস্থিত হন।
ওবামা প্রশাসনের একদল কর্মকর্তা এসময় তার সঙ্গে ছিলেন। তারা নিহত সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
গত ৫ অগাস্ট শুক্রবার আফগানিস্তানের ওয়ারদাক প্রদেশে তালেবান জঙ্গিদের গুলিতে একটি মার্কিন চিনুক হেলিকপ্টার বিধ্বস্ত হলে ৩০জন মার্কিন সেনাসহ ৩৮জন নিহত হয়। নিহত মার্কিন সেনাদের মধ্যে মার্কিন নেভি সিলের কমান্ডোরাও আছেন।
আফগানিস্তানে কোন একক হামলায় এটাই সর্বোচ্চ সংখ্যক মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা।
ওই ঘটনায় নিহত সেনাদের এখন শনাক্ত করা হয় নি বলে জানিয়েছে রয়টার্স।
এরআগে, ২০০৯ সালে আফগানিস্তানে নিহত ১৫ জন সেনা ও তিনজন গোয়েন্দার লাশ ডোভার বিমান ঘাঁটিতে আনা হলে ওবামা এখানে এসেছিলেন।
ডোভার ঘাঁটিতে মঙ্গলবারের অনুষ্ঠানটিতে সংবাদ মাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে পেন্টাগন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫১৭ ঘ.
bdnews24