২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান যুদ্ধকৌশল জোরদারের অঙ্গীকার ওবামার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আফগান যুদ্ধ কৌশল আরো জোরদার করার অঙ্গীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 11:32 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ওয়াশিংটন, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আফগান যুদ্ধ কৌশল আরো জোরদার করার অঙ্গীকার করেছেন। শনিবার আফগানিস্তানে জঙ্গিদের গুলিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩০ মার্কিন সেনা নিহত হয়। নিহতের বেশির ভাগই অভিজাত নেভি সিলের কমান্ডো। এর পরিপ্রেক্ষিতে সোমবার ওবামা আফগানিস্তানের যুদ্ধ কৌশল জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি এ কারণে তালেবান বিদ্রোহীরা মাথাচাড়া দিয়ে উঠবে না বলেও আশ্বস্ত করেছে পেন্টাগন। প্রায় এক দশক আগে শুরু হওয়া আফগান যুদ্ধে শনিবারই একক হামলার ঘটনায় সবচেয়ে বেশি সংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে। এ হামলার পর এই দীর্ঘ যুদ্ধে মার্কিন বাহিনীর অগ্রগতি কতটুকু তা প্রশ্নসাপেক্ষ। কিন্তু ওবামা ও প্রতিরক্ষা মন্ত্রী লিও পানেট্টা উভয়েই বলেছেন, ওই মিশন চালিয়ে যেতে তারা তাদের সিদ্ধান্তে অটল রয়েছেন। আফগানিস্তানে কয়েক মাস ধরেই দফায় দফায় হামলা চালানো অব্যাহত রেখেছে জঙ্গিরা। ইতোমধ্যে আফগান সরকারের ক্ষমতাধর দুই শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যা করেছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৭১৭ ঘ.