২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদকে সহিংসতা বন্ধ করতে হবে: বান কি মুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সাধারণ মানুষের ওপর সহিংসতা বন্ধের জন্য সোমবার নতুন করে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 01:04 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

সোমা সিটি, জাপান, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সাধারণ মানুষের ওপর সহিংসতা বন্ধের জন্য সোমবার নতুন করে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। এর আগে বান সিরিয়া পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসাদকে সরকার-বিরোধী বিক্ষোভ দমনাভিযান বন্ধের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু এ আহ্বান উপেক্ষা করে রোববার নতুন করে সামরিক দমনাভিযান চালায় সিরিয়া। এতে নিহত হয় আরো বেশ কিছু সংখ্যক মানুষ। ফলে এবার একটু কড়া ভাষাতেই আসাদকে সহিংসতা থামাতে বললেন বান। জাপানের উত্তর-পূর্বাঞ্চলে সাংবাদিকদের তিনি বলেন, শনিবার ফোনালাপে তিনি আসাদকে কড়া কথা শুনিয়েছেন। সিরিয়া পরিস্থিতি নিয়ে ১০ আগস্টে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রতিবেদন জমা দেওয়ার আগে আসাদকে দ্বিতীয়বারের মতো সতর্ক করলেন বান। তিনি বলেন, "আশা করি তিনি পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নেবেন এবং জনগণের আকাঙ্খানুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১০ঘ.