২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে পুলিশের ওপর জনতার হামলা

লন্ডনে পুলিশের ওপর বিক্ষুব্ধ জনতার হামলায় অন্তত ২৬ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। শনিবার রাতের এ সংঘর্ষে কয়েকটি গাড়ি ও ভবনে আগুন দেয় বিক্ষুব্ধরা। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 08:59 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

লন্ডন, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডনে পুলিশের ওপর বিক্ষুব্ধ জনতার হামলায় অন্তত ২৬ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। শনিবার রাতের এ সংঘর্ষে কয়েকটি গাড়ি ও ভবনে আগুন দেয় বিক্ষুব্ধরা। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় উত্তর লন্ডনের টটেনহাম এলাকায় এ ঘটনা ঘটে। রোববার পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে এসেছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে ৪০ জনেরও বেশি। আহত পুলিশ কর্মকর্তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। গত বৃহস্পতিবার পুলিশের গুলিতে মার্ক ডুগান (২৯) নামের স্থানীয় এক অধিবাসী নিহত হয়। শনিবার ওই ঘটনার প্রতিবাদ জানানোর পর বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা চালায়। ডুগান 'হত্যার' বিচার দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালনের পর প্রায় তিনশ' মানুষ টটেনহাম থানার সামনে জড়ো হয়। তখন পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনায় আহত অন্তত ১০ জন চিকিৎসা নিয়েছেন এবং নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে পুলিশের দুটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ সময় লন্ডনের হাই রোড ও ব্র"ক স্ট্রিটের সংযোগস্থলে একটি দোতলা বাসে আগুন দেয় বিক্ষুব্ধরা। হাই রোডের একটি দোকানেও আগুন দেয় তারা। বিবিসি টেলিভিশনের এক সাংবাদিকও জনতার হামলার মুখে পড়েন। বিবিসি জানায়, সংঘর্ষের সময় ওই এলাকার দোকান থেকে মালামাল লুট করে একদল মানুষ। অনেককে ট্রলি ভরে জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায়। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, বিক্ষুব্ধরা পুলিশের টহল দলের ওপর বোতল নিক্ষেপ করে এবং একটি গাড়ি ঠেলে প্রধান সড়কের ওপর এনে তাতে আগুন ধরিয়ে দেয়। তখন দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা করে জনতা। তাদের ওপর বোতল ও পেট্রোল বোমা ছোড়া হয়। মেট্রোপলিটন পুলিশের কমান্ডার স্টিফেন ওয়াটসন বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। "যতো দ্রুত সম্ভব পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক করাই আমাদের লক্ষ্য।" টটেনহ্যামের এমপি ডেভিড ল্যামি সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "টটেনহ্যাম এলাকার অধিবাসী এবং মার্ক ডুগানের পরিবারের সদস্য ও বন্ধুদের বৃহস্পতিবারের সন্ধ্যার প্রকৃত ঘটনা কি তা বুঝতে হবে। ওই ঘটনা সম্পর্কে জানতে আমাদের শান্ত থাকতে হবে।" বৃহস্পতিবার সন্ধ্যায় ডুগানকে বহনকারী একটি ট্যাক্সিক্যাব আটকায় পুলিশ। ওই সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় তার। ওই ঘটনায় এক পুলিশ কর্মকর্তাও আহত হন। ডুগানের মৃত্যুর ঘটনা ব্রিটেনের ইন্ডিপেনডেন্ট পুলিশ কমপ্লেইন্ট কমিশন তদন্ত করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/এএমটি/১৪৫৪ ঘ.