২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় খাবার বিতরণের সময় গুলিতে নিহত ১০

সোমালিয়ায় দুর্ভিক্ষ পীড়িতদের একটি আশ্রয় শিবিরে খাবার বিতরণের সময় সেনা সদস্যদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 06:08 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

সোমালিয়া, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়ায় দুর্ভিক্ষ পীড়িতদের একটি আশ্রয় শিবিরে খাবার বিতরণের সময় সেনা সদস্যদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। জাতিসংঘ পরিচালিত সোমালিয়ার রাজধানী মোগাদিসুর বাদবাদো শিবিরে শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেনা সদস্য ও একদল মানুষ খাবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। তখন সেনা সদস্যদের গুলিতে হতাহতের এ ঘটনা ঘটে। সংঘর্ষের জন্য সেনা সদস্যদের দায়ী করেন আবদি আওয়ালে নোর নামের এক প্রত্যক্ষদর্শী। তিনি ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফকে বলেন, "এটা ছিলো হত্যাযজ্ঞ। তারা নির্মমভাবে সবার ওপর গুলি ছুড়ছিলো।" কয়েকটি মৃতদেহ মাটিতে পড়ে আছে এবং আহত কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মুখপাত্র ডেভিড ওর বলেন, সকাল ৬টার দিকে খাবার বিতরণ ভালোভাবেই শুরু হলেও কয়েক ঘণ্টার মধ্যে সমস্যা শুরু হয়। "খাবার লুট হতে যাচ্ছিলো বলে আমরা খবর পেয়েছি। একদল মানুষ ট্রাকগুলো ঘিরে ধরেছিলো। সেখানে কয়েক রাউন্ড গুলি হয়েছিলো বলেও আমাদের কাছে খবর এসেছে।" তবে সংঘর্ষে হতাহতের বিষয়ে তিনি কিছু নিশ্চিত করতে পারেননি। ওই শিবিরে অবস্থানরত মুসে শেইক আলী নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, সেনা সদস্যরা কিছু খাবার চুরির চেষ্টা করলে শরণার্থীরাও খাবার নেওয়া শুরু করেছিলো। "সেনারা তাদের ওপর গুলি ছোড়ে। তখন সেনারা খাবার নিয়ে নেয় এবং সাধারণ মানুষ ওই শিবির ছেড়ে পালিয়ে যায়।" প্রতিবেশি দেশেও খাবার নেই প্রতিবেশী দেশগুলোতে স্থাপিত জাতিসংঘ ত্রাণ শিবিরে আশ্রয় লাভে সেখানে গিয়েও প্রয়োজনীয় খাবার না পাওয়ায় আবার দুর্ভিক্ষ কবলিত নিজ দেশে ফিরে যাচ্ছেন অনেক সোমালীয়। বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলে সোমালিয়ান নারী ইবলাহ শেখ এডেন। খাবারের খোঁজে সাত ছেলে-মেয়ে নিয়ে তিনি ইথিওপিয়ায় যান। সেখানে যাওয়ার আগে তিনি কল্পনায়ও ভাবতে পারেননি, তার ছেলে- মেয়েদের আবারো দেশে ফেরত পাঠাতে হবে। ৩৫ বছর বয়সী ওই নারী যখন বুঝতে পারেন ইথিওপিয়ার শরণার্থী শিবিরে পৌঁছালেও ঠিক সময়ে খাবারের নিশ্চয়তা নেই তখন চার ছেলে-মেয়েকে দেশে ফেরত পাঠান তিনি। ইথিওপিয়ার কোবে নামক এক আশ্রয় শিবিরে অবস্থানরত ওই নারী রয়টার্সকে বলেন, "তারা খুবই অসুস্থ এবং এখানে কোনো খাবার ছিলো না। আমি তাদের মৃত্যু দেখতে পারি না। তাই সিদ্ধান্ত না নিয়ে পারছিলাম না।" ইবলাহ জানান, অসুস্থ ও ক্ষুধার্থ অবস্থায় দুই দিন হেঁটে তারা ওই শরণার্থী শিবিরে পৌঁছান। তারপর সেখানে আশ্রয় লাভে নিবন্ধনের জন্য আরো নয় দিন অপেক্ষা করেন। এখন তিনি তার পরিবারের সদস্যদের সেখানে আশ্রয় নেওয়ার জন্য নিবন্ধন লাভে সক্ষম হয়েছেন। তার স্বামী ওই চার ছেলে-মেয়েকে নিয়ে ইথিওপিয়ার ওই আশ্রয় শিবিরে যাবেন বলে আশা করছেন তিনি। জাতিসংঘ বলেছে, বর্তমানে সোমালিয়ায় ৩৬ লাখ মানুষ এবং ইথিওপিয়া ও কেনিয়াসহ হর্ন অব আফ্রিকার এক কোটি ২০ লাখ মানুষ না খেয়ে থাকার ঝুঁকিতে আছে। দীর্ঘদিনের খরা, যুদ্ধ আর দাতাদের অনীহায় উত্তরপূর্ব আফ্রিকার (হর্ন অব আফ্রিকা) এ দেশগুলোতে খাবারের অভাব তীব্র আকার ধারণ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/পিডি/০০০১ ঘ.